২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম আবাহনীকে রুখে টিকে থাকার আশায় উত্তর বারিধারা

প্রথমার্ধেই দুই গোল করে জয়ের জোরাল সম্ভাবনা জাগায় চট্টগ্রাম আবাহনী। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ড্র করল উত্তর বারিধারা। তাতে অবনমন এড়ানোর আশাও বাঁচিয়ে রাখল দলটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2022, 06:46 PM

Updated : 02 Aug 2022, 11:56 AM

গোপালগঞ্জের শেখ ফজলুল হকি মনি স্টেডিয়ামে বুধবার চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ২-২ ড্র করে উত্তর বারিধারা। প্রথম লেগের ম্যাচে ৪-২ গোলে জিতেছিল বন্দরনগরীর দলটি।

লিগ শিরোপার নিষ্পত্তি হয়ে গেছে আগেই; মুকুট ধরে রেখেছে বসুন্ধরা কিংস। এখন মূলত চলছে টেবিলের উপরে থাকা আর অবনমন এড়ানোর লড়াই।

রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি, উত্তর বারিধারা, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও স্বাধীনতা সংঘ-এই চার দলের মধ্যে চলছে অবনমন এড়ানোর পাল্লা।

১৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১২ দলের মধ্যে নবম স্থানে আছে রহমতগঞ্জ। এক ম্যাচ বেশি খেলা উত্তর বারিধারা ১৪ পয়েন্ট নিয়ে দশম। অবনমন অঞ্চলে আছে মুক্তিযোদ্ধা সংসদ (১২ পয়েন্ট) ও স্বাধীনতা (৯ পয়েন্ট)।

লিগ টেবিলে মাঝামাঝি থাকা চট্টগ্রাম আবাহনী এগিয়ে যায় দশম মিনিটে। কামরুল ইসলামের কর্নারে হেডে লক্ষ্যভেদ করেন শাখাওয়াত হোসেন। ৩৬তম মিনিটে ক্যান্ডি অগাস্টিনের আড়াআড়ি ক্রসে নিখুঁত টোকায় ব্যবধান দ্বিগুণ করেন আরিফুর রহমান।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে সাইদস্তোন ফজিলভের গোলে ব্যবধান কমায় উত্তর বারিধারা। ৭৮তম মিনিটে মোস্তফা কাহরাবার বাড়ানো বল জালে জড়িয়ে সমতা ফেরান আরিফ হোসেন।

এই ড্রয়ে লিগ টেবিলে উপরের দিকে থাকার সম্ভাবনা কিছুটা ফিকে হয়ে গেল চট্টগ্রাম আবাহনীর। ২০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে তারা। ২৯ করে পয়েন্ট নিয়ে তাদের উপরে দুই স্থানে মোহামেডান ও পুলিশ এফসি।