২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা রিয়ালের চেয়ে ভালো: রাফিনিয়া

ক্লাসিকো মানেই উত্তেজনায় ঠাসা এক দ্বৈরথ। কেবল মাঠেই নয়, জমে ওঠে কথার লড়াইও। বার্সেলোনায় নতুন যোগ দেওয়া রাফিনিয়ার জন্য সেটা তো আরও বেশি উন্মাদনার, প্রীতি ম্যাচ হওয়া সত্ত্বেও। তাইতো, প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়া আগে প্রতিপক্ষকে কথায় দমাতে চাইলেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার। বললেন, দল হিসেবে রিয়ালের চেয়ে এখন তারাই সেরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2022, 05:13 PM

Updated : 22 Jul 2022, 03:59 AM

প্রাক-মৌসুম প্রস্তুতিতে এখন যুক্তরাষ্ট্রে আছে রিয়াল ও বার্সেলোনা। সফরে নিজেদের প্রথম ম্যাচে মঙ্গলবার মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে শাভি এরনান্দেসের দল।

বার্সেলোনার হয়ে নিজের প্রথম ম্যাচে একটি গোল করার পাশাপাশি দুটি গোলে অবদান রাখেন রাফিনিয়া।

পরবর্তী ম্যাচে আগামী শনিবার বার্সেলোনার প্রতিপক্ষ রিয়াল। গত মৌসুমের পারফরম্যান্সের বিচারে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলটির বিপক্ষে ম্যাচটি সহজ হওয়ার কথা নয় কাতালান ক্লাবটির। তবে এই দলবদলে রাফিনিয়ার পাশাপাশি আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন, ফঁক কেসিয়ে ও রর্বেত লেভানদোভস্কিদের দলে ভিড়িয়ে শক্তি বাড়িয়েছে তারা।

আসছে লড়াইয়ের আগে নিজেদের সামর্থ্য নিয়ে দারুণ আশাবাদী রাফিনিয়া। ইউরোপের সফলতম দলটির বিপক্ষেও গোল করতে চান তিনি।

“(বার্সেলোনার হয়ে) প্রথম গোল করতে পেরে আমি খুব খুশি। দারুণ একটা ম্যাচ হলো। আমি ভালো খেলার চেষ্টা করেছি। আমি খুব খুশি এবং এমন পারফরম্যান্স ধরে রাখতে পারব, আশা করি।”

“একজন ফুটবলার সব দলের বিপক্ষেই গোল করতে চায়, আর সেটা যদি হয় ক্লাসিকো, তাহলে গোল করার আকাঙ্ক্ষা আরও বেড়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল জয়। আমি মনে করি, আমরা রিয়াল মাদ্রিদের চেয়ে ভালো দল।”