‘জাপানের মেসি’ কুবোকে বিক্রি করে দিল রিয়াল
তিন বছর আগে অনেক স্বপ্ন নিয়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমানো তাকেফুসা কুবোর সব প্রত্যাশা প্রায় অপূর্ণই রয়ে গেল। এ যাত্রায় রিয়ালের হয়ে মাঠ মাতানো আর হলো না ‘জাপানের মেসি’ নামে পরিচিত এই উইঙ্গারের। পাঁচ বছরের চুক্তিতে তাকে দলে টেনেছে রিয়াল সোসিয়েদাদ।
রিয়ালের ওয়েবসাইটে মঙ্গলবার তার দলবদলের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ট্রান্সফার ফির বিষয়ে অবশ্য কিছু জানানো হয়নি।
একটা সময় বার্সেলোনার একাডেমিতে ছিলেন কুবো। তবে ১৮ বছরের কম বয়সী খেলোয়াড় কিনে ফিফার আইন ভাঙায় ক্লাবটি ছাড়তে হয়েছিল তাকে। একই কারণে নতুন খেলোয়াড় কেনায় নিষেধাজ্ঞা পেয়েছিল কাতালুনিয়ার দলটি।
এরপর ২০১৯ সালের জুনে এফসি টোকিও থেকে কুবোকে ২০ লাখ ইউরোয় ছয় বছরের জন্য দলে টানে রিয়াল। বেশিরভাগ সময় অবশ্য তাকে ধারে অন্যত্রই কাটাতে হয়। সবশেষ গত মৌসুমে তিনি খেলেন আরেক স্প্যানিশ ক্লাব মায়োর্কায়। ২০১৯-২০ মৌসুমেও ধারে এই দলে খেলেছিলেন তিনি।
গত মৌসুমে ষষ্ঠ স্থানে থেকে লা লিগা শেষ করেছে রিয়াল সোসিয়েদাদ। ফলে এবার তারা খেলবে ইউরোপা লিগে।
২১ বছর বয়সী কুবো জাপান জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ১৮ ম্যাচ, গোল করেছেন একটি।
