২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়াক্স থেকে ইউনাইটেডে আর্জেন্টাইন ডিফেন্ডার মার্তিনেস

রক্ষণে শক্তি বাড়িয়েছে ম‍্যানচেস্টার ইউনাইটেড। আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসকে দলে টানতে তার বর্তমান ক্লাব আয়াক্সের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2022, 10:38 PM

Updated : 22 Jul 2022, 03:57 AM

দুই ক্লাবের পক্ষ থেকে রোববার বিবৃতি দিয়ে বিষয়টি জানানো হয়। চুক্তির মেয়াদ নিয়ে কিছু বলা হয়নি।

২৪ বছর বয়সী এই ফুটবলারকে দলে টানতে ৫ কোটি ৭৩ লাখ ইউরোর কিছু বেশি খরচ হবে ইউনাইটেডের। বিভিন্ন বোনাসসহ যা ছাড়িয়ে যেতে পারে ৬ কোটি ৭৩ লাখ ইউরো।

২০১৯ সালে আয়াক্সে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২০ ম্যাচ খেলেছেন মার্তিনেস। দুইবার জিতেছেন ডাচ লিগের শিরোপা। ২০২১-২২ মৌসুমে হয়েছেন আয়াক্সের সেরা খেলোয়াড়।

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছেন মার্তিনেস। অভিষেক হয়েছিল ২০১৯ সালের মার্চে।

এরিক টেন হাগ ইউনাইটেডের নতুন কোচের দায়িত্ব পাওয়ার পর চলতি দলবদলে তৃতীয় খেলোয়াড় হিসেবে দলটিতে যোগ দিচ্ছেন মার্তিনেস। তার আগে ম্যানচেস্টারের ক্লাবটি দলে টেনেছে তাইরেল মালাসিয়া ও ক্রিস্তিয়ান এরিকসেনকে।