২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টরন্টো এফসিতে যোগ দিলেন বের্নারদেস্কি

চলতি দলবদলে তৃতীয় ইতালিয়ান ফুটবলার হিসেবে টরন্টো এফসিতে যোগ দিয়েছেন ফেদেরিকো বের্নারদেস্কি। ফ্রি ট্রান্সফারে তাকে দলে টেনেছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2022, 07:03 PM

Updated : 22 Jul 2022, 03:56 AM

টরন্টো শনিবার এক বিবৃতিতে জানায়,  চার বছরের জন্য চুক্তি করেছেন ২৮ বছর বয়সী বের্নারদেস্কি।

২০১৭ সালে ইউভেন্তুসে যোগ দিয়েছিলেন এই ফরোয়ার্ড। গত জুনে তার সঙ্গে সেরি আ ক্লাবটির চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। এবার পেলেন নতুন ঠিকানা।

বের্নারদেস্কির আগে ইতালিয়ানদের মধ্যে এবারের দলবদলে টরন্টোতে যোগ দিয়েছেন লরেন্সো ইনসিনিয়ে ও দমেনিকো ক্রিসশিতো। 

ইউভেন্তুসের হয়ে তিনটি সেরি আ শিরোপা জেতা বের্নারদেস্কি সব প্রতিযোগিতা মিলিয়ে দলটির হয়ে খেলেছেন ১৮২ ম্যাচ। ১২ গোল করার পাশাপাশি অবদান রেখেছেন ২০ গোলে।

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৩৯টি ম্যাচ খেলেছেন বের্নারদেস্কি। ইতালির ইউরো ২০২০ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে জেতা ফাইনালে টাইব্রেকারে জালের দেখা পেয়েছিলেন তিনি।