ডি ইয়ংকে বিক্রি করতে বার্সা বাধ্য নয়: লাপোর্তা
জোর গুঞ্জন রয়েছে, ফ্রেংকি ডি ইয়ংকে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সমঝোতা হয়ে গেছে বার্সেলোনার। নতুন খেলোয়াড়দের রেজিস্ট্রেশন ও লা লিগার ফিনান্সিয়াল ফেয়ার প্লের কারণেই নাকি ডাচ মিডফিল্ডারকে বিক্রি করে দিতে চাচ্ছে তারা। কাম্প নউয়ের ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা অবশ্য বললেন অন্য কথা। ডি ইয়ংকে বিক্রি করতেই হবে, দল এমন পরিস্থিতিতে নেই বলে জানালেন তিনি।
সাম্প্রতিক সময়ে জোরালভাবে শোনা যাচ্ছিল ডি ইয়ংয়ের ক্লাব ছাড়ার খবর। উপযুক্ত প্রস্তাব পেলেই নাকি তাকে ছেড়ে দেবে বার্সেলোনা। আয়াক্সে থাকাকালীন তার কোচ ছিলেন এরিক টেন হাগ। ম্যানচেস্টারের ক্লাবটির দায়িত্ব নেওয়ার পর তিনি নাকি খুব করে চাইছেন সাবেক শিষ্যকে।
ডি ইয়ং নিজে অবশ্য শুরু থেকে বলছেন, কাতালান ক্লাবটিতেই থাকতে চান তিনি।
ডাচ চ্যাম্পিয়ন আয়াক্সের হয়ে দারুণ পারফরম্যান্স দেখানোর পর ২০১৯ সালে বার্সেলোনায় যোগ দেন ডি ইয়ং। তাকে ধরা হচ্ছিল, সময়ের সেরা তরুণ মিডফিল্ডারদের একজন হিসেবে।
এখন পর্যন্ত বার্সেলোনার জার্সিতে ১৩৭টি ম্যাচ খেলেছেন ডি ইয়ং। জালের দেখা পেয়েছেন ১২ বার। গত বছরের শেষের দিকে রোনাল্ড কুমানের জায়গায় শাভি এরনান্দেস কোচ হয়ে আসার পর মাঝমাঠে উত্থান হয় পেদ্রি, গাভি এবং নিকো গনসালেসের। এই সময়ে মাঝে মধ্যে ডি ইংয়ের ফর্ম নিয়ে সমালোচনা হয়েছে।
মাঠের পারফরম্যান্স ছাড়াও ডি ইয়ংয়ের দলবদলের সম্ভাবনা ক্রমশ বেড়েছে বার্সেলোনার আর্থিক দৈন্যতার কারণে। লা লিগার কঠিন নিয়মের কারণে নাকি কোনো খেলোয়াড় বিক্রি না করা পর্যন্ত দলে নতুন যোগ দেওয়া খেলোয়াড়দের রেজিস্ট্রেশন করতে পারছে না তারা। ফলে, ডি ইয়ংকে বিক্রি করতে পারলে সেটা বার্সেলোনাকে সাহায্য করবে ফিনান্সিয়াল ফেয়ার প্লে মেনে চলার ক্ষেত্রেও।
গণমাধ্যমের খবর, ৮ কোটি ৫০ লাখ ইউরোয় ডি ইয়ংকে কেনার ব্যাপারে আগ্রহী ইউনাইটেডে। তবে একটি সুত্র ইএসপিএনকে জানিয়েছে, তিনি এখনও বার্সেলোনা ছাড়তে নারাজ।
গত শুক্রবার রাফিনিয়াকে আনুষ্ঠানিকভাবে বার্সেলোনার খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার অনুষ্ঠানে ডি ইয়ং প্রসঙ্গে কথা বলেন লাপোর্তা। তিনি জানান, ২৫ বছর বয়সী এই ফুটবলারকে ছেড়ে দিতে তারা বাধ্য নন।
“এটা সত্য নয় যে বার্সেলোনার ফ্রেংকি ডি ইয়ংকে বিক্রি করতেই হবে।”
লাপোর্তা নিশ্চিত করেছেন, শনিবার দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম সফরে যাবেন ডি ইয়ং।
সরাসরি ডি ইয়ংয়ের নাম উল্লেখ না করলেও শুক্রবার বার্সেলোনার ফুটবল পরিচালক আলেমানি বলেছেন, লা লিগার নিয়মের কারণে তারা খেলোয়াড় বিক্রি করতে বাধ্য হবেন।
“ফ্রেংকি আমাদের জন্য একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং তার ওপর আমাদের আস্থা আছে। তবে এটা পরিষ্কার যে ফেয়ার প্লের নিয়মের কারণে কিছু খেলোয়াড়কে ছাড়তে হবে।”
২০২১-২২ মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৭ ম্যাচ খেলেন ডি ইয়ং এবং গোল করেন ৩টি। দলটির হয়ে কমপক্ষে ২০ ম্যাচ খেলা মিডফিল্ডারদের মধ্যে সঠিক পাস দেওয়ার তালিকায় সবার ওপরে ছিলেন তিনি (৯১.১৮ শতাংশ)।
