২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাপোলি থেকে কলিবালিকে দলে টানল চেলসি

দুই সেন্টার-ব্যাক আন্টোনিও রুডিগার ও আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন চলে যাওয়ায় স্বাভাবিকভাবেই রক্ষণের শক্তি কমেছে চেলসির। ঘাটতি পোষাতে নাপোলি থেকে সেনেগালের ডিফেন্ডার কালিদু কলিবালিকে দলে টানল প্রিমিয়ার লিগের ক্লাবটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2022, 03:26 PM

Updated : 02 Aug 2022, 11:54 AM

এক বিবৃতিতে শনিবার চার বছরের চুক্তিতে কলিবালিকে দলে ভেড়ানোর কথা নিশ্চিত করে চেলসি। ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ৩১ বছর বয়সী ফুটবালকে পেতে তিন কোটি ২০ লাখ পাউন্ড খরচ হয়েছে তাদের।

চলতি গ্রীষ্মে লন্ডনের দলটি দ্বিতীয় খেলোয়াড় হিসেবে কলিবালিকে দলে টানল। এর আগে ম্যানচেস্টার সিটি থেকে রাহিম স্টার্লিং যোগ দেন ক্লাবটিতে।

সবসময় প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন বুকে লালন করেছেন কলিবালি। চেলসির মতো দলে যোগ দেওয়ার মধ্য দিয়ে সেই স্বপ্ন পূরণ হওয়ায় দারুণ খুশি তিনি।

“চেলসির এই দলের অংশ হতে পেরে আমি খুব খুশি। এটি বিশ্বের একটি বড় দল এবং আমার সবসময়ের স্বপ্ন ছিল প্রিমিয়ার লিগে খেলা।”

“চেলসি আমাকে প্রথম পেতে চেয়েছিল ২০১৬ সালে, সেবার সেটা সম্ভব হয়নি। এবার তারা প্রস্তাব দিলে আমি গ্রহণ করি, কারণ তারা খুব করে চেয়েছিল যেন আমি তাদের হয়ে প্রিমিয়ার লিগে খেলতে আসি।”

সম্প্রতি রুডিগার যোগ দেন রিয়াল মাদ্রিদে আর ক্রিস্টেনসেন বার্সেলোনায়। তাদের অভাব পূরণে টমাস টুখেলের দলে কলিবালি দারুণ সংযোজনই বলতে হবে।

কলিবালি ২০১৪ সালে নাপোলিতে যোগ দিয়ে তাদের হয়ে খেলেন মোট ৩১৭ ম্যাচ। এই সময়ে ইতালির দলটির হয়ে দুটি ট্রফি জেতেন তিনি। হয়ে ওঠেন এই সময়ে ইতালির ফুটবলে শীর্ষ ডিফেন্ডারদের একজন।

চারবার সেরি আর বর্ষসেরা দলে জায়গা পাওয়া কলিবালি ২০১৮-১৯ মৌসুমে হন প্রতিযোগিতাটির বর্ষসেরা ডিফেন্ডার।