চলতি দলবদলে রিয়ালের পরিকল্পনা জানালেন কোচ
গ্রীষ্মের দলবদলে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো ব্যস্ত সময় পার করছে দল গোছানোর কাজে। সেখানে রিয়াল মাদ্রিদ শুরুতেই দুজন খেলোয়াড় দলে টানার পর নিজেদের গুটিয়ে নিয়েছে। দলটির কোচ কার্লো আনচেলত্তিও তার স্কোয়াড নিয়ে সন্তোষ প্রকাশ করলেন। বললেন, নতুন মৌসুমকে সামনে রেখে আর খেলোয়াড় কিনবেন না তারা।
এবারের দলবদলে এখন পর্যন্ত ডিফেন্ডার আন্টোনিও রুডিগার ও মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনি যোগ দিয়েছেন রিয়াল শিবিরে। এতে গুরুত্বপূর্ণ দুটি পজিশনে দলটির শক্তি বাড়লেও দলটির মূল চাওয়া ছিল কিলিয়ান এমবাপেকে পাওয়া।
২০২১-২২ মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতা রিয়াল প্রায় এক বছর ধরে জোর চেষ্টা চালিয়ে আসছিল এমবাপেকে দলে টানার। অনেক নাটকীয়তার পর তা আর আলোর মুখ দেখেনি। শেষ পর্যন্ত প্যারিসের ক্লাবটিতেই থেকে গেছেন ফরাসি ফরোয়ার্ড।
এমবাপে রিয়ালে যোগ দেবেন, এটা অনেকটা নিশ্চিত ছিল বলে হয়তো দলটি তাদের ভবিষ্যৎ পরিকল্পনাও সাজিয়েছিল সেভাবে। কিন্তু তিনি না আসায় তার পরিবর্তে কাউকে কেনার ব্যাপারে আর আগ্রহ দেখায়নি স্প্যানিশ ক্লাবটি।
মাঝে গুঞ্জন ওঠে, আর্লিং হলান্ডকে দলে ভেড়াতে চায় তারা। তবে নরওয়ে ফরোয়ার্ড যোগ দিয়েছেন ম্যানচেস্টার সিটিতে।
আক্রমণে রিয়ালের বেঞ্চের ধার কিছুটা কমেছে স্ট্রাইকার লুকা ইয়োভিচ ফিওরেন্তিনায় চলে যাওয়ায়। ফরোয়ার্ড গ্যারেথ বেল চুক্তি শেষে যোগ দিয়েছেন মেজর লিগ সকারের দল লস অ্যাঞ্জেলস এফসিতে।
এই মুহুর্তে ইউরোপের সফলতম ক্লাবটির আক্রমণের প্রাণ করিম বেনজেমা ও ভিনিসিউস জুনিয়র। তাদের সঙ্গে আছেন এদেন আজার, রদ্রিগো, মার্কো আসেনসিওরা। এছাড়াও আছেন স্ট্রাইকার মারিয়ানো দিয়াস ও বোরহা মায়োরাল। তবে এই দুজনের কেউই এখনও রিয়ালে নিজেদের প্রমাণ করতে পারেননি।
গত মৌসুমে স্বপ্নের ফর্মে ছিলেন বেনজেমা। দুর্দান্ত খেলেন ভিনিসিউসও। তবে চোট বা নিষেধাজ্ঞার কারণে এই দুজন দলে না থাকলে অনেকটাই শক্তি হারিয়ে ফেলবে তাদের আক্রমণভাগ। যেহেতু নতুন খেলোয়াড় কেনা হবে না, তাই পজিশন বদলে আনচেলত্তি ভরসা করতে চাইছেন অভিজ্ঞ আজারের ওপর।
যদিও রিয়ালে পুরোটা সময় জুড়েই চোটের সঙ্গে লড়াই করা আজারকে কখনই দেখা যায়নি তার সেরা ছন্দে। গত মৌসুমেও চিত্রটা ছিল একই। সাবেক চেলসি ফরোয়ার্ড অবশ্য আশ্বাস দিয়েছেন, ২০২২-২৩ মৌসুমে নিজের সেরাটা দেবেন তিনি।
আনচেলত্তি গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে নিশ্চিত করে দেন, চলতি দলবদলে আর নতুন খেলোয়াড় কেনার পরিকল্পনা নেই তাদের। আক্রমণে ভিন্নতা আনতে ইঙ্গিত দেন আজারকে ‘নাম্বার নাইন’ পজিশনে খেলানোর।
“আপনাদের একটা কথা বলতে পারি যে আমরা আর কাউকে দলে টানব না। দল এখন যেভাবে আছে আমরা তা নিয়েই সন্তুষ্ট।”
“আমাদের কাছে ওই পজিশনের (নয় নম্বর) জন্য অনেক বিকল্প রয়েছে। বেনজেমা ফর্মের শীর্ষে রয়েছে। তবে আমাদের এটা মাথায় রাখতে হবে যে (মৌসুমের) মাঝখানে বিশ্বকাপ হওয়ায় এটি একটি অদ্ভুত মৌসুম হবে। এদেন যে মাপের খেলোয়াড়, তাকে সেখানে (৯ নম্বর পজিশনে) খেলালে আমাদের জন্য ভালো হতে পারে।”
