২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০২৪ পর্যন্ত বার্সায় থাকছেন দেম্বেলে

চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, আর ক্লাবের খেলোয়াড় নন বলে দিয়েছিলেন বার্সেলোনা প্রধান হুয়ান লাপোর্তা। প্রেক্ষাপট বলছিল, কাতালান ক্লাবটির হয়ে শেষ ম্যাচটা হয়তো খেলে ফেলেছেন উসমান দেম্বেলে। তবে অনেক নাটকীয়তার পর বার্সেলোনাতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। দুই বছরের জন্য নতুন চুক্তির ব্যাপারে রাজি হলেন ফরাসি ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2022, 05:30 PM

Updated : 22 Jul 2022, 03:55 AM

বার্সোলানা বৃহস্পতিবার ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানায়, ২০২৪ সাল পর্যন্ত চুক্তিতে সাক্ষর করবেন ২৫ বছর বয়সী দেম্বেলে। 

সংবাদমাধ্যমের খবর, নতুন চুক্তিতে আগের বেতন থেকে ৪০ শতাংশ কম পাবেন দেম্বেলে।

বার্সেলোনা ও দেম্বেলের চুক্তি নবায়ন নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরে। বলা যায়, চলেছে ২০২১-২২ মৌসুমের পুরোটা জুড়েই। মাঝে তো সম্পর্ক একরকম ভেঙেই গিয়েছিল দুই পক্ষের। চুক্তি নবায়ন না করলে তাকে জানুয়ারিতেই ক্লাব ছাড়তে বলেছিল কর্তৃপক্ষ। এই ইস্যুতে ক্লাবে এক পর্যায়ে ব্রাত্যও হয়ে পড়েছিলেন তিনি।

পরে অবশ্য কোচ শাভি এরনান্দেসের আস্থা অর্জন করেন দেম্বেলে। শুরুর একাদশেও হয়ে উঠেন নিয়মিত। কিন্তু নতুন চুক্তির ব্যাপারে আর সমঝোতায় পৌঁছাতে পারেনি তারা।

২০২১-২২ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩২ ম্যাচ খেলে দুটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ১৩টি গোল করিয়েছেন দেম্বেলে। 

পাঁচ বছরের বার্সেলোনা ক্যারিয়ারে ১৫০ ম্যাচে ৩২টি গোল করেছেন দেম্বেলে। তার নামের পাশে অ্যাসিস্ট রয়েছে ৩৪টি। জিতেছেন দুটি লা লিগা সহ পাঁচটি শিরোপা।