উত্তরটা জানতে চান লেভানদোভস্কির স্ত্রীও!
এবারের দলবদলের বাজারে আলোচিত নামগুলোর একটি নিশ্চিতভাবেই রবের্ত লেভানদোভস্কি। বায়ার্ন মিউনিখ ছেড়ে তার বার্সেলোনায় যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে চারদিকে গুঞ্জনেরও শেষ নেই। এই প্রসঙ্গে এবার প্রশ্নের মুখোমুখি হতে হলো লেভানদোভস্কির স্ত্রী আনাকেও।
এরই মধ্যে গণমাধ্যমে খবর এসেছে, বায়ার্ন থেকে লেভানদোভস্কিকে দলে টানতে ৫ কোটি ইউরো দিতে প্রস্তুত বার্সেলোনা। যদি শেষ পর্যন্ত বুন্ডেসলিগার দলটি রাজি হয় পোলিশ তারকাকে ছাড়তে, সেটা বড় খবরই হবে।
পোল্যান্ডের হয়ে ১৩২ ম্যাচে ৭৬ গোল করা লেভানদোভস্কি বরুশিয়া ডর্টমুন্ড থেকে বায়ার্নে যোগ দেন ২০১৩ সালে। জার্মানির সফলতম দলটির হয়ে এরই মধ্যে জিতেছেন সব ধরনের শিরোপা। ৩৭৫ ম্যাচে গোলও করেছেন ৩৪৪টি।
লিওনেল মেসিকে ছেড়ে দেওয়ার পর একজন স্কোরারের অভাব বড্ড অনুভব করছে বার্সেলোনা। কাতালান দলটি তাই কোমর বেঁধে নেমেছে লেভানদোভস্কিকে দলে টানতে। কিন্তু আলোচনার শেষ হয়নি এখনও।
এই ইস্যুতে ইনস্টাগ্রামে লেভানদোভস্কির স্ত্রী আনাকে একজন প্রশ্ন করেছেন-বার্সেলোনাতে আসছেন? আনাও দিয়েছেন কৌশলী উত্তর।
“এই উত্তরটা আমিও জানতে চাই।”
