ম্যানচেস্টার সিটিকে স্টার্লিংয়ের বিদায়
অনেক দিন ধরেই রাহিম স্টার্লিংয়ের সম্ভাব্য দলবদলের বিষয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। সেসব যে উড়ো খবর নয়, তা এবার পরিষ্কার হয়ে গেল তার কথাতেই। আবেগঘন এক বার্তায় ম্যানচেস্টার সিটিকে বিদায় জানিয়ে দিলেন ইংলিশ মিডফিল্ডার।
সূত্রের বরাত দিয়ে বিবিসি তাদের গত রোববারের প্রতিবেদনে জানায়, স্টার্লিংকে দলে টানতে সিটির সঙ্গে ট্রান্সফার ফির বিষয়ে সমঝোতায় পৌঁছেছে চেলসি। স্রেফ মেডিকেল আর চুক্তির আনুষ্ঠানিকতাই বাকি।
দুই ক্লাবের পক্ষ থেকে অবশ্য এখন পর্যন্ত এ বিষয়ে কিছু জানানো হয়নি। স্টার্লিং নিজেও জানাননি, কোথায় যাচ্ছেন তিনি। তবে টুইটারে সিটিকে বিদায় জানানোর কাজটা ঠিকই সেরে ফেললেন ২৭ বছর বয়সী এই ফুটবলার।
“এই বার্তা এখানকার কোচিং স্টাফের প্রতি, যারা আমার গত কয়েক বছরে বেড়ে ওঠায় অনেক বড় ভূমিকা রেখেছেন। আর আমার সতীর্থরা, যাদের সঙ্গে আমি খেলেছি তারা সতীর্থর চেয়েও বড় হয়ে উঠেছে।”
“ব্যাকরুম স্টাফ, অফিস স্টাফ, সেইসব সমর্থকদের যারা দলকে সবসময় সমর্থন দিয়ে গেছে এবং মানচেস্টার সিটির সঙ্গে জড়িত সবার প্রতি আমার ভালোবাসা। তাদের সবার প্রতি আমার অগাধ শ্রদ্ধা।”
২০১৫ সালে লিভারপুল থেকে চার কোটি ৯০ লাখ ইউরোর বিনিময়ে স্টার্লিংকে দলে টেনেছিল সিটি। এ পর্যন্ত দলটির হয়ে ৩৩৯ ম্যাচে তার গোল ১৩১টি। এর মধ্যে কেবল প্রিমিয়ার লিগে ২২৫ ম্যাচে খেলে তার গোল ৯১টি।
ইতিহাদ স্টেডিয়ামের এই সাত বছরে চারটি প্রিমিয়ার লিগ, একটি এফএ কাপ ও চারটি লিগ কাপ জেতেন স্টার্লিং। ২০২০-২১ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও উঠেছিল তারা, তবে শিরোপা লড়াইয়ে হেরে যায় চেলসির বিপক্ষে।
সেই ‘চেলসিতে এবার যোগ দিতে যাচ্ছেন’ স্টার্লিং। তবে বিদায়বেলায় তার মনে ঘুরে ফিরে আসছে ফেলে আসা বছরের দারুণ সব মুহূর্তগুলো।
“কী দুর্দান্ত এক পথচলা ছিল! ক্যারিয়ারে উত্থান-পতনের এই অধ্যায়ের জন্য আমি কৃতজ্ঞ। কিছু কিছু সময় যখন খারাপ গেছে তখন আমার শক্তি ও সমস্যা কাটিয়ে ওঠার মানসিকতার পরীক্ষা হয়েছে এবং তার ফলেই আজ আমি আমার সেরা রূপে আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি।”
“ম্যানচেস্টারে আমি ২০ বছর বয়সে এসেছিলাম। আজ আমি পরিণত মানুষ হয়ে বিদায় নিচ্ছি। সীমাহীন সমর্থনের জন্য ধন্যবাদ। ম্যানচেস্টার সিটির জার্সি পরতে পারাটা ছিল সৌভাগ্যের।”
ব্রিটিশ গণমাধ্যমের খবরটি শেষ পর্যন্ত সত্যি হলে, স্টার্লিং হবেন এই গ্রীষ্মে টড বোহেলির পরিচালিত কনসোর্টিয়ামের অধীনে চেলসি যাওয়ার পর দলটিতে যোগ দেওয়া প্রথম বড় কোনো খেলোয়াড়।
