রাফিনিয়াকে নিয়ে লিডসের সঙ্গে বার্সেলোনার সমঝোতা
শিরোপাশূন্য মৌসুমের পর শক্তি বাড়ানোর চেষ্টা করছে বার্সোলানা। দল পুনর্গঠনের অংশ হিসেবে রাফিনিয়াকে দলে টানতে লিডস ইউনাইটেডের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে কাতালান ক্লাবটি।
দুটি ক্লাবই বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে বিষয়টি।
আর্থিক অঙ্ক অবশ্য প্রকাশ করেনি কোনো পক্ষই। তবে স্পেনের গণমাধ্যমে আসা প্রতিবেদন অনুযায়ী ফি বাবদ আপাতত খরচ হবে ৫ কোটি ৮০ লাখ ইউরো। চুক্তি অনুযায়ী আরও কিছু যোগ হলে বার্সেলোনার খরচের অঙ্ক ছুঁতে পারে ৬ কোটি ৮০ লাখ ইউরো।
বার্সেলোনা জানিয়েছে, মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, না হওয়ার উপর বিষয়টি ঝুলে আছে।
শেষ দিকে দুই ইংলিশ ক্লাব চেলসি ও আর্সেনাল-দুটি ক্লাবই রাফিনিয়াকে দলে টানতে চেয়েছিল। কিন্তু ব্রাজিলিয়ান এই উইঙ্গার লুফে নিয়েছেন গত লা লিগায় দ্বিতীয় হওয়া বার্সেলোনার প্রস্তাব।
২০২০ সালে রেন থেকে ইয়র্কশায়ারের দল লিডসে যোগ দেন রাফিনিয়া। সময়টা যে খুব ভালো কেটেছে, তা নয়; সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৭ ম্যাচে ১৭ গোল করেন তিনি। ক্লাব ক্যারিয়ারে পর্তুগালের দল স্পোর্তিং এফসিতেও খেলেছেন রাফিনিয়া।
এ বছরের কাতার বিশ্বকাপে ব্রাজিল দলে রাইট উইঙ্গার হিসেবে খেলার দৌড়ে রাফিনিয়া এগিয়ে আছেন সবচেয়ে বেশি। জাতীয় দলের সবশেষ নয় ম্যাচের সাতটিতেই ২৫ বছর বয়সী এই উইঙ্গার খেলেন শুরুর একাদশে।
২০২১ সালের অক্টোবরে ব্রাজিল কোচ তিতে প্রথম তার দলে ডাকেন রাফিনিয়াকে। এরপর তিনটি গোল করে ও দুটি করিয়ে কোচের আস্থা অর্জন করেন তিনি।
রাফিনিয়া এলে তিনি হবেন বার্সেলোনার বর্তমান কোচ শাভির চুক্তিবদ্ধ তৃতীয় খেলোয়াড়। এর আগে দলটি ফ্রি টান্সফারে দলে নিয়েছে ফঁক কেসিয়ে ও আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনকে।
যদিও গত মাসে ফরোয়ার্ড উসমান দেম্বেলের সঙ্গে চুক্তি শেষ হয়েছে বার্সেলোনার, তবে মঙ্গলবার তিনি যোগ দিয়েছেন দলে। আশা করা হচ্ছে, কাতালান দলটির সঙ্গে নতুন চুক্তি করবেন দেম্বেলে।
দেম্বেলের সঙ্গে চুক্তি হলে বার্সেলোনার আক্রমণভাগের জোর বাড়বে স্বাভাবিকভাবেই। ফরোয়ার্ডের সংখ্যা আরও বাড়াতে দলটি চেষ্টা চালিয়ে যাচ্ছে বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কিকেও দলে ভেড়ানোর।
