২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যে কারণে ইউভেন্তুসে গেলেন দি মারিয়া

বয়স হয়ে গেছে ৩৪ বছর। তবে সাফল্যের ক্ষুধা কিংবা নতুন চ্যালেঞ্জের তৃষ্ণা মেটেনি আনহেল দি মারিয়ার। তাইতো রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি হয়ে ঘুরে দাঁড়ানোর অভিযানে থাকা ইউভেন্তসে পা রেখেছেন তিনি। ইতালিয়ান ক্লাবটিতে যোগ দেওয়ার পেছনের কারণটাও জানিয়েছেন আর্জেন্টাইন তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2022, 09:22 PM

Updated : 02 Aug 2022, 02:00 PM

বললেন, সফল হওয়ার জন্য এখানে সবকিছু আছে। তার সঙ্গে নিজের সামর্থ্যটুকু যোগ করে সাফল্য এনে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

পিএসজিতে সফল সাত বছরের মিশন শেষে গত শুক্রবার এক বছরের চুক্তিতে ইউভেন্তুসে যোগ দেন দি মারিয়া। তুরিনের ক্লাবটিতে মঙ্গলবার তাকে আনুষ্ঠানিক ভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। এখানে আসতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

“আমি ইউভেন্তুসকে বেছে নিয়েছি, কারণ এটা ইতালির সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাব। জয়ের জন্য প্রয়োজনীয় সবকিছুই এখানে আছে, তার সঙ্গে আমি অবদান রাখতে চাই। আমি জানি, এখানে শক্তিশালী একটা স্কোয়াড আছে এবং আমি এর অংশ হতে চাই-ক্লাব যদি আমার খোঁজে আসে তাহলে এর অর্থ হলো তারা বিশ্বাস করে যে, আমিও ঠিক তাই করতে পারব।”

“ফুটবলে সবকিছু খুব দ্রুত বদলে যায়। কিন্তু ইউভেন্তুসে আমাদের যোগাযোগের দিন থেকেই সব কিছু ভালোভাবে হয়েছে। আর ইউভের মতো বড় ক্লাব ডাকলে ‘না’ বলা প্রায় অসম্ভব।”

রিয়াল মাদ্রিদে সফল চারটি মৌসুম কাটিয়ে ২০১৪ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে পা রাখেন দি মারিয়া। সময়টা সেখানে তার কাটেনি প্রত্যাশা অনুযায়ী। পরের বছরই তিনি যোগ দেন পিএসজিতে।

প্যারিসের দলটিতে অল্প সময়েই তিনি হয়ে ওঠেন গুরুত্বপূর্ণ সদস্য। সেখানে সাত বছরে পাঁচটি লিগ ওয়ানসহ অনেক শিরোপার স্বাদ পান দি মারিয়া।

রিয়ালের হয়ে ২০১৩-১৪ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দি মারিয়া মূলত অ্যাটাকিং মিডফিল্ডার। আক্রমণ গড়ার পাশাপাশি গোল করাতেও দারুণ পটু তিনি। উইঙ্গার হিসেবে খেলতেও পারদর্শী।

আর্জেন্টিনা জাতীয় দলেরও গুরুত্বপূর্ণ খেলোয়াড় দি মারিয়া ২০০৮ সালে ছিলেন দেশের বেইজিং অলিম্পিকে সোনা জয়ী দলের সদস্য। এরপর ২০২১ সালে জেতেন কোপা আমেরিকা। ফাইনালে তার একমাত্র গোলেই ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

এবার তার সামনে নতুন অভিযান। কাতার বিশ্বকাপ শুরুর পাঁচ মাস আগে নতুন লিগে নতুন ক্লাবে কত দ্রুত তিনি মানিয়ে নিতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।