ইউভেন্তুসে ফিরে আত্মবিশ্বাসী পগবা বললেন, “কিসের চাপ?”
সময়টা ভালো যাচ্ছে না ইউভেন্তুসের। পল পগবারও একই অবস্থা। দুঃসময়ের মধ্যে পথচলা ইউভেন্তুস-পগবা ফের জুটি গড়েছে। চেনা আঙিনায় ফিরে ফরাসি মিডফিল্ডারও আত্মবিশ্বাসী কণ্ঠে দিয়েছেন সুদিন ফেরানোর প্রতিশ্রুতি। কোন চাপ অনুভব করছেন কিনা-এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে ছুঁড়ে দিলেন পাল্টা প্রশ্ন-কিসের চাপ?
২০১২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ইউভেন্তুসে যোগ দেন পগবা। প্রথম মেয়াদে চার বছরে ৩৪ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান ৩২টি। চার মৌসুমেই সেরি আর পাশাপাশি স্বাদ পেয়েছিলেন আরও কয়েকটি শিরোপার।
এরপর ইউভেন্তুস থেকে ফিরেছিলেন ইউনাইটেডে। ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম মৌসুমটা ভালো কাটলেও চোট আর নানা কারণে পরের সময়টা ভালো কাটেনি। নতুন চ্যালেঞ্জ নিতে চেনা ঠিকানাতেই ফিরলেন ২৯ বছর বয়সী এই ফরাসি মিডফিল্ডার। ২০২৬ সাল পর্যন্ত ‘তুরিনের ওল্ড লেডি’র সঙ্গে থাকার কথা তার।
ইউভেন্তুস ছাড়াও এবার আরও অনেক দল আগ্রহী ছিল পগবাকে দলে ভেড়াতে। কিন্তু তুরিনের ক্লাবটিকেই বেছে নেন তিনি।
“ফিরতে পেরে আমি খুশি। এখানে আমি বাড়ির মতো অনুভব করি। যেভাবে আমাকে স্বাগত জানানো হলো, সেটা ছিল আমার কাছে স্বপ্নের চেয়েও বেশি কিছু। সত্যিই আমি খুশি।
“আরও অন্য ক্লাব ছিল, কিন্তু আমি বলেছি, আমার হৃদয় ইউভেন্তুসকে বেছে নিতে বলছে। আমি এখানে ভালো অনুভব করি এবং আমি এখন খুশি এবং ভালো করতে চাই। শুরু করার জন্য, দলকে সাহায্য করার জন্য এবং এমনকি আগের চেয়ে আরও ভালো করার জন্য আমার তর সইছে না।”
২০১৭ সালে সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলে ইউভেন্তুস। গতবার তারা ছিটকে পড়ে শেষ ষোলো থেকে। ইউরোপ সেরার আসরে ভালো করতে আরও উন্নতির প্রয়োজন বোধ করছেন পগবা। জানালেন, দ্বিতীয় দফার চ্যালেঞ্জে কোনো চাপ অনুভব না করার কথাও।
“চাপ? এর অর্থ কী? কোনো চাপ নেই। এখানে আমার দারুণ সময় কেটেছিল। কয়েক বছর পর আবার ফিরেছি। এখানে ভালো করতে আমি আত্মবিশ্বাসী।”
“(চ্যাম্পিয়ন্স লিগ) আমাদের আরও উন্নতি করা দরকার। আমাদের সবার এই স্বপ্নটা আছে, কিন্তু এটাই একমাত্র লক্ষ্য নয়। প্রথম লক্ষ্য হচ্ছে সেরি আ জেতা। ইউভেন্তুস গত মৌসুমে কিছুই জেতেনি। আমরা জয়ের জন্য ক্ষুধার্ত হয়ে আছি। আমরা যদি কাপটি জিততে পারি…সেটা আমাদের সবারই স্বপ্ন।”
কদিন আগে পিএসজি থেকে আনহেল দি মারিয়াকে দলে টেনেছে ইউভেন্তুস। আর্জেন্টিনার এই অ্যাটাকিং মিডফিল্ডারকে সতীর্থ হিসাবে পেয়ে উচ্ছ্বসিত পগবা।
“আমরা সবাই জানি, আনহেল বিশ্বমানের খেলোয়াড়। সে নিশ্চিতভাবে দলকে সাহায্য করবে। সে অভিজ্ঞ, জয়ী। সে একজন চ্যাম্পিয়ন এবং এটাই আমাদের দরকার। সে ভালো খেলতে চায় এবং জিততে চায়।”
জুনেই ইউভেন্তুসের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরিয়েছে পাওলো দিবালার। আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে নিয়ে কথা বললেন পগবা। ফরাসি বিশ্বকাপজয়ী মিডফিল্ডার টেনে আনলেন প্রথম দফায় ইউভেন্তুসে কাঁধে কাঁধ মিলিয়ে খেলার স্মৃতি।
“আমরা নাম্বার ১০ নিয়ে কথা বলিনি। আমরা একসঙ্গে খেলেছি, সে ভালো একজন বন্ধু। আমি তাকে শুধু বলেছিলাম-যদি আমি ইউভেন্তুসে যাই, তাহলে তুমি কী আবার একসঙ্গে খেলতে চাও না? এতটুকুই।”
