২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছোটবেলায় পাচার হওয়া কাহিন আজকের মো ফারাহ

অ্যাথলেটিক্স বিশ্বে এক নামেই পরিচিত-মো ফারাহ। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দুর্দান্ত অবদানের স্বীকৃতির পর তার নামের আগে যোগ হয়েছে ‘স্যার’ উপাধি। কিন্তু মো ফারাহ নামটিই আসল নয়! এতদিন ধরে আড়াল হয়ে থাকা সত্যটি সামনে আনলেন তিনি নিজেই। জানালেন, ৯ বছর বয়সে পাচারের শিকার হয়েছিলেন, তার আসল নাম হুসেইন আবদি কাহিন!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2022, 07:50 PM

Updated : 14 Jul 2022, 07:01 PM

অলিম্পিকসে চারটি ও বিশ্বচ্যাম্পিয়নশিপসে ছয়টি সোনা জিতে দূরপাল্লার দৌড়ের ইতিহাসে চূড়ায় ওঠা মো ফারাহকে নিয়ে তথ্যচিত্র প্রকাশ করেছে বিবিসি। সেখানেই উঠে এসেছে এই কিংবদন্তির জীবনের ‘সত্যি’ গল্প, যা এতদিন ভুলভাবে জানত সবাই।

এতদিন সবাই জানত, বাবা-মায়ের সঙ্গে সোমালিয়া থেকে পালিয়ে যুক্তরাজ্যে এসেছিলেন মো ফারাহ। কিন্তু সত্যিটা হচ্ছে, শিশু পাচারের শিকার হয়ে যুক্তরাজ্যে এসেছিলেন তিনি। আর ওই সময় তার নাম বদলে যায়; হুসেইন আবদি কাহিন থেকে তিনি হয়ে যান মো ফারাহ।

‘দ্য রিয়েল মো ফারাহ’ নামের প্রামাণ্যচিত্রে অকপটে সব কথাই জানিয়েছেন তিনি। যুক্তরাজ্যে এসে গৃহস্থালীতে ভৃত্যের কাজ, নিয়োগদাতার পরিবারের শিশুর দেখভাল করা, এরপর সেখান থেকে মুক্ত হয়ে বিশ্ব জয়ের পথে ছুটে চলা সবকিছু।

“বছরের পর বছর ধরে আমি এগুলো আড়াল করে রেখেছিলাম, কিন্তু এটা চিরদিন আড়াল করে রাখা যায় না।”

৩৯ বছর বয়সী এই অ্যাথলেটের বাস ছিল সোমালিয়া থেকে আলাদা হয়ে যাওয়া সোমালিল্যান্ডে, যদিও দেশটি এখনও আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। তার যখন চার বছর বয়স সোমালিয়ার গৃহযুদ্ধের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান তার বাবা আবদি।

মো ফারাহর বয়স যখন আট কিংবা নয়, তখন তিনি পরিবারের সঙ্গে আসেন জিবুতিতে। সেখান থেকেই পাচারের শিকার হন। যে নারী তাকে পাচার করেছিলেন, তিনিই নাম বদলে দিয়েছিলেন মো ফারাহ এবং যুক্তরাজ্যে গিয়ে নতুন নামে পরিচিত হওয়ার ‘শিক্ষাও’ দিয়েছিলেন তিনি।

ওই নারীর সঙ্গে পরে আর কখনও দেখা হয়নি বলে প্রামাণ্যচিত্রে বলেছেন ৩৯ বছর বয়সী এই অ্যাথলেট। আরও জানিয়েছেন, ওই নারী বলেছিলেন ইউরোপে আত্মীয়দের সঙ্গে থাকার জন্য তাকে ইউরোপে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথমবার বিমানে ওঠার ভাবনায় রোমাঞ্চিত থাকার স্মৃতিও রোমন্থন করেছেন ফারাহ, যে রোমাঞ্চ উবে গিয়েছিল পরে।

তবে মোহাম্মদ ফারাহ নামে আসলেই আরেকজন ছিল। কিন্তু তাকে পাচার করা হয়নি। তার বদলে কাহিনকে পাচার করতে ওই নারী ভূয়া কাগজপত্র তৈরি করেছিলেন। যুক্তরাজ্যে পৌঁছানোর পর ওই নারী সব কাগজপত্র এবং আত্মীয়দের সঙ্গে যোগাযোগের তথ্য ছিঁড়ে ফেলেছিলেন; তখনই কাহিনের উপলব্ধি হয় বিপদে পড়তে যাচ্ছেন।

“আমার সামনেই সব তথ্য নষ্ট করে ফেলা হলো এবং ময়লার বাক্সে ফেলে দেওয়া হলো। ওই মুহূর্তে আমি টের পেলাম বিপদে পড়েছি।”

ওই নারী তাকে শাসিয়েছিলেন এভাবে-“যদি মুখে খাবার পেতে চাও, যদি কখনও নিজের পরিবারকে আবার দেখতে চাও, তাহলে কিছু প্রকাশ করো না।”

ওই সময়ে ছোট্ট কাহিন কিছু বলতে না পারার কষ্ট লুকাতে ‘বাথরুমে গিয়ে কান্না করত’, বলেছেন আজকের ফারাহ।

যুক্তরাজ্যে শুরুর কয়েক বছর যে পরিবারের সঙ্গে ছিলেন, তারা স্কুলে যাওয়ার অনুমতি দেয়নি। ১২ বছর বয়সের সময় সুযোগ মেলে। মো ফারাহ একদিন ভর্তিও হয়ে যান ফেল্টহ্যাম কমিউনিটি কলেজে।

এভাবেই একসময় শারীরিক শিক্ষক অ্যালান ওয়াটকিনসনের নজরে পড়েন। তার হাত ধরেই নতুন পথচলা শুরু হয় মো ফারাহর।

“মনে হয় একটা ভাষাই সে জানত এবং বুঝত, সেটা ছিল শারীরিক শিক্ষা ও খেলাধুলার ভাষা।”

মো ফারাহ নিজেও বলেছেন, ওই পরিস্থিতি থেকে বাঁচতে কেবল একটা কাজই তিনি করতে পারতেন, সেটা হচ্ছে বাইরে এসে দৌড়ানো। বলার অপেক্ষা রাখে না, সেটাই করেছেন তিনি এবং সফলও হয়েছেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডের আঙিনায়।

৫ হাজার ও ১০ হাজার মিটারে ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন ফারাহ অলিম্পিকসেও দুই আসরে এই দুই ইভেন্টে সোনা জিতেছেন।

প্রথম অ্যাথলেট হিসেবে টানা তিন আসরে দূরপাল্লার এই দুই ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার কীর্তিও গড়েছেন তিনি।

অনন্য ‘ট্রিপল-ডাবল’ জেতার পথে ফারাহর যাত্রা শুরু হয়েছিল ২০১২ সালের লন্ডন অলিম্পিকসে। সেখানে ৫ ও ১০ হাজার মিটারে সোনা জেতেন ব্রিটেনের এই অ্যাথলেট। এরপর মস্কোতে ২০১৩ সালের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও এই দুই ইভেন্টে সেরা হন। পরে বেইজেংয়েও বাজিমাত করে গড়েন ইতিহাস।