২০২৭ পর্যন্ত সিটিতে খেলবেন রদ্রি
তিন বছর আগে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে অল্প সময়েই দলটির গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন রদ্রি। এর একটা পুরস্কারও এবার পেলেন তিনি। স্প্যানিশ এই মিডফিল্ডারের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করল ইংলিশ ক্লাবটি।
প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে। নতুন চুক্তি অনুয়ায়ী, ২০২৭ সালের জুন পর্যন্ত ক্লাবটিতে খেলবেন রদ্রি।
২৬ বছর বয়সী রদ্রি ২০১৯ সালে আতলেতিকো মাদ্রিদ থেকে পাঁচ কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে সিটিতে নাম লেখান। এরপর দলটির হয়ে প্রিমিয়ার লিগে খেলেন তিনি ১০২ ম্যাচ। এই সময়ে জেতেন দুটি লিগসহ পাঁচটি শিরোপা।
নতুন চুক্তি করতে পেরে দারুণ খুশি রদ্রি ম্যানসিটি ডটকমকে বলেন, অন্য কোথাও খেলার কথা এখন তিনি আর ভাবেনই না।
“এখানে আসার প্রথম দিন থেকেই মনে হয়েছে, এটা আমার বাড়ি। অবশ্যই, নতুন একটা দেশ ও নতুন ক্লাবে মানিয়ে নেওয়ার ব্যাপার থাকে। তবে এখানে এসে শুরু থেকেই আমি খুব খুশি ছিলাম। আমার কাছে, এটা আমার দ্বিতীয় পরিবার।”
“চুক্তি নবায়ন করার সিদ্ধান্তটা আমার জন্য ছিল খুব সহজ। এখানেই থেকে যাওয়ার ব্যাপারে আমার মনে কোনো দ্বিধাই ছিল না।”
