রোনালদোকে ঘিরে গুঞ্জনের ইতি টানলেন টেন হাগ
ক্রিস্তিয়ানো রোনালদোর ভবিষ্যৎ ঘিরে ক্রমেই বাড়ছিল অনিশ্চয়তা। তার সম্ভাব্য ঠিকানা নিয়েও শোনা যাচ্ছিল কয়েকটি দলের নাম। সেসবের আপাতত ইতি টানলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। দৃঢ় কণ্ঠে বললেন, কোথাও যাচ্ছে না রোনালদো।
গত দুই সপ্তাহে পর্তুগিজ তারকাকে নিয়ে নানারকম উড়ো খবর শোনা গেছে। শুরুটা মূলত হয় ‘দা টাইমস’-এর খবরে। সম্প্রতি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিকটি জানায়, ইউনাইটেডকে দল ছাড়ার ইচ্ছার কথা জানিয়ে দিয়েছেন রোনালদো।
এরপরই গুঞ্জন ডানা মেলতে শুরু করে। তার সম্ভাব্য গন্তব্য হিসেবে চেলসি-বায়ার্ন মিউনিখসহ বেশ কয়েকটি দলের নামও খবরে আসে। ইতোমধ্যে জার্মান ক্লাবটি অবশ্য ‘রোনালদো তারা কিনবে না’ বলে নিজেদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে। তবে, গুঞ্জন তাতে থেমে থাকেনি।
স্বাভাবিকভাবেই তাই প্রাক-মৌসুমের প্রস্তুতিপর্বে সোমবার টেন হাগের সংবাদ সম্মেলনের অনেকটা সময় জুড়ে রইলো রোনালদো প্রসঙ্গ। ডাচ এই কোচ পরিষ্কার করলেন এ বিষয়ে দলের অবস্থান।
“এই ইস্যু সামনে আসার আগেই ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে আমার কথা হয়েছে। তার সঙ্গে আমার ভালো আলোচনা হয়েছে। সে আমাকে বলেনি যে সে চলে যেতে চায়…আমি (গণমাধ্যমে) পড়েছি। এখানে আমরা একত্রে সফল হতে চাই।”
২০২১-২২ মৌসুমের শুরুতে ইউভেন্তুস থেকে দুই বছরের চুক্তিতে দ্বিতীয় মেয়াদে ইউনাইটেডে যোগ দেন রোনালদো। ৩৭ বছর বয়সেও দলটির মৌসুম সেরা খেলোয়াড় ছিলেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭ ম্যাচে করেন ২৪ গোল।
আর এটাই তার দল ছাড়ার ইচ্ছার মূল কারণ বলে বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়। দীর্ঘ ক্যারিয়ারে সবসময় তিনি খেলেছেন চ্যাম্পিয়ন্স লিগে। ইউরোপ সেরা প্রতিযোগিতাটির রেকর্ড গোলদাতা তিনি। টুনামেন্টটির আরও অনেক রেকর্ড তার নামের পাশে জ্বলজ্বল করছে।
সেই তাকেই কি-না এখন খেলতে হবে দ্বিতীয় সেরা ইউরোপের ক্লাব ফুটবলের প্রতিযোগিতায়, বিষয়টা নাকি তিনি মানতে পারছেন না। এদিকে, গত সপ্তাহে ইউনাইটেডের প্রাক-মৌসুমের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। রোনালদো যোগ দেননি এখনও। চলমান গুঞ্জনের পেছনে এটাও ভূমিকা রেখেছে।
টেন হাগ এই বিষয়টাও খোলাসা করলেন।
“ক্রিস্তিয়ানো রোনালদো বিক্রির জন্য নয়। সে আমাদের পরিকল্পনার অংশ-ব্যক্তিগত কারণে সে এখন আমাদের সঙ্গে নেই। এই মৌসুমের জন্য আমরা ক্রিস্তিয়ানো রোনালদোকে নিয়েই পরিকল্পনা সাজাচ্ছি। এটাই আসল কথা।”
“ক্রিস্তিয়ানোকে কিভাবে খুশি করা যায়? আমি জানি না। আমি তার সঙ্গে কাজ শুরু করার অপেক্ষায় আছি।”
ইউনাইটেড থেকেই ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে পাড়ি দিয়ে সফল ৯ বছর কাটিয়ে ইউভেন্তুসে যোগ দেন রোনালদো। সেখানে ৩ বছর খেলার পর গত বছরের অগাস্টের শেষে দুই বছরের চুক্তিতে ওল্ড ট্র্যাফোর্ডে ফিরে আসেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। পারস্পরিক সমঝোতার প্রেক্ষিতে আরও এক বছর চুক্তি বাড়ানোর সুযোগও আছে চুক্তিপত্রে।
