২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাইব্রেকারে পাইওনিয়ার লিগের সেরা বরিশাল ফুটবল একাডেমি

দফায় দফায় এগিয়ে গেল কিশোরগঞ্জের জারা গ্রিন বয়েজ। পাল্টা জবাব দিয়ে সমতায় ফিরল বরিশাল ফুটবল একাডেমি। নির্ধারিত সময়ে মীমাংসা না হওয়ায় ম্যাচের ভাগ্য গড়াল টাইব্রেকারে। সেখানেও শুরুতে দাপট দেখালো কিশোরগঞ্জের দলটি। কিন্তু শেষ পর্যন্ত জয়ের উচ্ছ্বাস সঙ্গী হলো ম্যাচ জুড়ে ঘুরে দাঁড়ানোর গল্প লেখা বরিশাল ফুটবল একাডেমিরই।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2022, 07:53 PM

Updated : 14 Jul 2022, 06:59 PM

বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার টাইব্রেকারে ৪-৩ গোলে জিতেছে বরিশাল ফুটবল একাডেমি। দুই দলের নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ৩-৩ সমতায়।

প্রথম মিনিটেই গোল পেয়ে যায় কিশোরগঞ্জের দলটি। সতীর্থের ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন আকাশ ইসলাম। পাল্টা জবাব দিতে দেরি করেনি বরিশাল। চতুর্থ মিনিটের সতীর্থের ছোট পাস ধরে গোলরক্ষককে একা পেয়ে অনায়াসে লক্ষ্যভেদ করেন স্বাধীন হোসেন।

২৩তম মিনিটে বক্সে ফাঁকায় বল পেয়ে কিশোরগঞ্জবে ফের এগিয়ে নেন আহসান ইসলাম আনু। ৩০তম মিনিটে সমতা ফেরান আহসানউল্লাহ রাকিব।

৩৫তম মিনিটে সতীর্থের ক্রস প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত প্লেসিং শটে আবারও জারা গ্রিন বয়েজ ক্লাবকে এগিয়ে নেন আনু।

৫৫তম মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে দারুণ শটে সমতা ফেরান আল কাফি। গোল করেই ক্রিস্তিয়ানো রোনালদোর মতো উদযাপন করেন এই ফরোয়ার্ড।

বাকি সময়ে কোনো দল গোল না পাওয়ায় ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। শুট আউটে জারা গ্রিন বয়েজের আকাশ, মুন্না ও রবি লক্ষ্যভেদ করেন; আকবরের শট পোস্টের বাইরে যায়, অধিনায়ক সিফাতের শট ফিরে আসে পোস্টে লেগে।

বরিশালের আল কাফি, রাব্বি, তামিম ইকবাল ও ফারদিন গোল করেন। রাকিবের শট আটকান গোলরক্ষক ইয়ানুর।

টাইব্রেকারেও শুরুতে দুই গোল করে শিরোপা পথেই ছিল কিশোরগঞ্জের দলটি। কিন্তু পরে খেই হারায় তারা। স্নায়ুর লাগাম ধরে রেখে শিরোপা জিতে নেয় বরিশালের দলটি।

জয়সূচক গোলের পরই কান্নায় ভেঙে পড়ে পড়েন ফারদিন। এই অশ্রু অবশ্য ছিল আনন্দাশ্রু।

তৃতীয় বিভাগে উঠে আসার এই আসরে সেরা খেলোয়াড় হয়েছেন বরিশালের রায়হান মিয়া, ফাইনালে সেরা জারা গ্রিন বয়েজের আকাশ। ১৫ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার মুকুট জিতেছেন স্কাইলার্ক ফুটবল ক্লাবের মেহেদী হাসান মিনার।