২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বন্যা, সরিয়ে নেওয়া হলো সাবিনাদের ম্যাচ

সিলেটের ভয়াবহ বন্যা পরিস্থিতি বিবেচনা মালয়েশিয়ার বিপক্ষে জাতীয় নারী ফুটবল দলের প্রীতি ম্যাচের ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগের সূচিতেই ঢাকায় অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2022, 07:51 PM

Updated : 02 Aug 2022, 01:48 PM

বাফুফে শুক্রবার এক বিবৃতিতে জানায়, ২৩ ও ২৬ জুন মেয়েদের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দুটি কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ভারতের মেঘালয়-আসামে প্রবল বৃষ্টিপাতের কারণে উজান থেকে নেমে আসা পানিতে চলতি মওসুমের তৃতীয় দফা বন্যা দেখা দিয়েছে সিলেট অঞ্চলে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ভয়াবহ বন্যার কবলে পড়া বিভাগটিতে পানি বাড়ছে। এতে বিদ্যুতের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়তে শুরু করেছে।

ইতিমধ্যে সিলেটের সঙ্গে সুনামগঞ্জের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সেখানে রানওয়ের কাছাকাছি পানি এসে পড়েছে।

মেয়েদের ম্যাচ দুটি সিলেট জেলা স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। বাফুফে বিবৃতিতে বলেছে, কয়েক দিনের টানা বৃষ্টিপাত, বন্যা পরিস্থিতি ও আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস বিবেচনায় নিয়ে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেয়েদের জাতীয় দল অনেক দিন ধরেই আন্তর্জাতিক ফুটবলের বাইরে। সবশেষ গত বছরের সেপ্টেম্বরে খেলেছিল তারা। উজবেকিস্তানে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ‘জি’ গ্রুপে নিজেদের দুই ম্যাচেই বড় ব্যবধানে হারে গোলাম রব্বানী ছোটনের দল।

জর্ডানের বিপক্ষে ৫-০ গোলে হারের পর ইরানের বিপক্ষেও একই ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এরপর বয়স ভিত্তিক দলের ব্যস্ততা থাকলেও মেয়েদের জাতীয় দলের কোনো ম্যাচ ছিল না।