২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের ‘ভুলে যাওয়ার মতো রাত’, হাঙ্গেরির ‘মিরাকল’

তরুণ আর অনভিজ্ঞ কজনকে বাজিয়ে দেখা। বিশ্বকাপের পথে এগিয়ে যেতে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়া। হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ থেকে এই ছিল ইংল্যান্ডের চাওয়া। কিন্তু এই ম্যাচই তাদের জন্য এলো বড় ধাক্কা হয়ে। বাজেভাবে হেরে এখন তারা এই ম্যাচ ভুলে তাকাতে চায় সামনে। হাঙ্গেরির জন্য এই ম্যাচই হয়ে থাকছে স্মরণীয় আর সামনে চলার পাথেয়। কোচ মার্কো রস্সি ইংলিশদের উড়িয়ে নিজেও যেন ভাসছেন হাওয়ায়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2022, 01:57 PM

Updated : 25 Oct 2022, 10:44 AM

নেশন্স লিগের ম্যাচে মঙ্গলবার উলভারহ্যাম্পটনের মলিনিউ স্টেডিয়ামে হাঙ্গেরির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয় ইংল্যান্ড। ৯৪ বছরের মধ্যে দেশের মাঠে তাদের সবচেয়ে বড় হার এটি।

সবশেষ ১৯২৮ সালের মার্চে স্কটল্যান্ডের কাছে তারা হেরেছিল ৫-১ গোলে। ইংল্যান্ডে গিয়ে কোনো দল ইংলিশদের জালে সবশেষ চার গোল দিয়েছিল ১৯৫৩ সালে। সেবার হাঙ্গেরিই জিতেছিল ৬-৩ গোলে।

১০ দিনের মধ্যে হাঙ্গেরির কাছে দুই দফায় হারল ইংল্যান্ড। তবে এবারের বড় হার তাদের নাড়িয়ে দিয়েছে। এক বছর আগে ইউরোর ফাইনালে তারা হেরেছিল টাইব্রেকারে গিয়ে। গত বিশ্বকাপে তারা খেলেছে সেমি-ফাইনালে। সেই দল এবার ঘরের দর্শকের কাছ থেকে শুনেছে দুয়ো।

ইতালির বিপক্ষে ড্র হওয়া ম্যাচের একাদশ থেকে এই ম্যাচে ৯টি পরিবর্তন এনেছিলেন কোচ গ্যারেথ সাউথগেট। পরাজয়ের দায় নিয়ে তিনি সমর্থকদের অনুরোধ করলেন দলের পাশে থাকতে।

“আজকের এই অভিজ্ঞতা বোধোদয় হওয়ার। দিনশেষে, দায়টা অবশ্যই আমার। স্টেডিয়ামে যে প্রতিক্রিয়া পেয়েছি (দর্শকের), সেটির কারণও আমি বুঝতে পারছি।”

“এটা বলছি না যে এই পরাজয়ে কষ্ট পাচ্ছি না… তবে দলের পাশে থাকতে হবে। এটা অন্তত বোঝা গেল যে পূর্ণ শক্তিতে মাঠে নামতে হবে আমাদের। তরুণ ফুটবলারদের জন্য এই ম্যাচগুলি হয়ে থাকবে বড় অভিজ্ঞতা। এই দলটি দেশের হয়ে অবিশ্বাস্য খেলে আসছে এবং তাদের পাশে থাকা উচিত সবার।”

Image
স্মরণীয় জয়ের পর হাঙ্গেরি দলের উল্লাস। ছবি: রয়টার্স।

স্মরণীয় জয়ের পর হাঙ্গেরি দলের উল্লাস। ছবি: রয়টার্স।

একটি পরাজয়েই বেশি অস্থির হওয়ার কারণ দেখছেন না ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন।

“লম্বা সময় পর এটি আমাদের বড় পরাজয়। আতঙ্কিত হওয়ার সময় নয় এখন, মাথা উঁচু রাখার সময়।”

“আজকের রাতটি ভুলে যাওয়ার মতো। তবে এই চ্যালেঞ্জটা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে আমাদের, তৈরি হতে হবে বিশ্বকাপের মতো বড় আসরের জন্য। অনেক কিছু শিখেছি আমরা। কোন অবস্থা থেকে আমরা উঠেছি, সেটাও মনে রাখতে হবে। প্রতি ম্যাচ তো আর নিখুঁত হবে না।”

স্বাভাবিকভাবেই পুরো উল্টো চিত্র হাঙ্গেরি শিবিরে। এমন জয়ে তারা ভাসছেন উচ্ছ্বাসের জোয়ারে।

বিশ্বকাপ বাছাইপর্বে ইংল্যান্ডের গ্রুপে থেকেই চতুর্থ হয়ে বাছাই উতরাতে পারেনি হাঙ্গেরি। সেই দল নেশন্স লিগে দুই দফায় হারিয়ে দিল ইংল্যান্ডকে। বড় এই জয়ে চমকে গেছেন যেন দলের কোচ ও সাবেক ইতালিয়ান ডিফেন্ডার মার্কো রস্সি।

“আমি নিশ্চিত যে ইংল্যান্ড বিশ্বের সেরা দলগুলির একটি এবং বিশ্বকাপের ফেভারিটদের কাতারেও আছে। এই দলের বিপক্ষে আজকে রাতের এই ফল তাই মনে হচ্ছে ‘মিরাকল’ যেন।”

“মিরাকল একবারই হয়, বারবার হয় না। আমরা তাই খুশি, তবে পা মাটিতেই রাখতে হবে।”

নেশন্স লিগে ইংল্যান্ড-জার্মানি-ইতালির মতো দলের গ্রুপে থেকে এখন শীর্ষে হাঙ্গেরি। রস্সির বিশ্বাস, কোচ হিসেবে হাঙ্গেরির ফুটবল ইতিহাসে তিনি জায়গা করে নিয়েছেন।

“যখন দায়িত্বটি নিয়েছিলাম, হাঙ্গেরির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে বলেছিলাম, ছেড়ে যাবার আগে নিজের ছাপ রেখে যেতে চাই। আমার মনে হয়, এখন সেই চিহ্ন দেখা যাচ্ছে। নিশ্চিতভাবেই আমি মারা যাওয়ার পর হাঙ্গেরির ফুটবল স্টেডিয়ামগুলোয় এক মিনিট নীরবতা পালন করা হবে। আমার জন্য এটিই দারুণ অজর্ন।”