মিলানের ড্রেসিং রুমে ইব্রাহিমোভিচ ‘বাবার মতো’
তার বয়সী প্রায় সবাই কবেই তুলে রেখেছেন বুট জোড়া। তবে এই ৪০ বছর বয়সেও জ্লাতান ইব্রাহিমোভিচ প্রতিযোগিতামূলক ফুটবলে খেলছেন দাপটের সঙ্গে। এই সুইডিশ তারকাকে কাছ থেকে যত দেখছেন ততই যেন মুগ্ধতা বাড়ছে ব্রাহিম দিয়াসের। তরুণ এই মিডফিল্ডারের চোখে মিলানের ড্রেসিং রুমে ইব্রাহিমোভিচ ঠিক ‘বাবার মতো।’
১১ বছরের খরা কাটিয়ে সদ্য শেষ হওয়া মৌসুমে সেরি আ শিরোপা ঘরে তুলেছে এসি মিলান। দলটির এই সাফল্যের সঙ্গী ইব্রহিমোভিচও। চোটের কারণে যদিও মৌসুমে খুব বেশি ম্যাচ খেলা হয়নি তার। সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ১২ ম্যাচে ছিলেন শুরুর একাদশে।
এরপরও মিলানের সাফল্যে ইব্রাহিমোভিচের বড় প্রভাব দেখেন দিয়াস। রিয়াল মাদ্রিদ থেকে ধারে মিলানে পাড়ি দিয়ে মৌসুমটা দারুণ কাটিয়েছেন এই তরুণ। সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ বছর বয়সী মিডফিল্ডার মিলানের হয়ে খেলেছেন ৪০ ম্যাচ, গোল করেছেন ৪টি।
সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার ‘ট্রিপল ক্রাউন’ পুরস্কারও জিতেছেন। রোববার সেই পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে দিয়াস মিলানে তার সাফল্যে ইব্রাহিমোভিচের অবদান তুলে ধরেন।
“ইব্রাহিমোভিচ আমার বাবার বয়সী, কিন্তু এখনও তিনি পার্থক্য গড়ে দেন। আমার কাছে মিলাসের ড্রেসিং রুমে তিনি বাবার মতো।”
“তিনি আমার জীবন সহজ করে দিয়েছেন। কারণ আমার পায়ে বল থাকলে তাকে পাস দিতে হবে, তবে না দিলেও তিনি রাগ করেন না।”
গত মাসে ইব্রাহিমোভিচের বাঁ হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। যা তাকে আট মাসের জন্য মাঠের বাইরে ছিটকে দিয়েছে। এদিকে মিলানের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে জুনেই। বয়স ও চোট, সব কিছু মিলিয়ে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন জেগেছে।
দিয়াস অবশ্য ‘বুড়ো’ ইব্রাহিমোভিচের মধ্যেও অফুরন্ত প্রাণশক্তি খুঁজে পান। যা শুধু মুগ্ধই করে তাকে।
“তিনি অবিশ্বাস্য একজন খেলোয়াড়, দারুণ প্রতিভা এবং তিনি জিততে ভালোবাসেন। তিনি অনুশীলনে পরিশ্রম করতে পছন্দ করেন এবং অন্যদের মধ্যেও এটা ছড়িয়ে দেন। তিনি সব খেলোয়াড়দের আরও ভালো করে তোলেন, কারণ তিনি সব সময় সেরাটা দেওয়ার জন্য তাগিদ দেন।”
