বেনফিকা থেকে সাড়ে ৭ কোটি ইউরোয় লিভারপুলে নুনিয়েস
সাম্প্রতিক সময়ে দারউইন নুনিয়েসকে ঘিরে চলমান গুঞ্জন সত্যি প্রমাণিত হলো। সাড়ে সাত কোটি ইউরোর বিনিময়ে উরুগুয়ের এই ফরোয়ার্ডকে কিনতে তার ক্লাব বেনফিকার সঙ্গে সমঝোতায় পৌঁছেছে লিভারপুল।
ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে সোমবার বিষয়টি নিশ্চিত করেছে বেনফিকা।
লিভারপুলের সঙ্গে নুনিয়েস পাঁচ বছরের জন্য চুক্তি করবেন বলে সংবাদমাধ্যমের খবর। তাদের চুক্তি অনুযায়ী, শর্তসাপেক্ষে আরও দুই কোটি ইউরো পেতে পারে বেনফিকা।
২০২১-২২ মৌসুমে পর্তুগালের শীর্ষ লিগে সর্বোচ্চ গোলস্কোরার (২৬ গোল) নুনিয়েস সব প্রতিযোগিতা মিলিয়ে বেনফিকার হয়ে গোল করেছেন ৩৪টি। এর মধ্যে দুটি গোল করেন তিনি লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে। উভয় লেগে তিনি জালের দেখা পেলেও তার দল অবশ্য হেরে যায়।
গুঞ্জন রয়েছে, নুনিয়েসকে দলে পেতে আগ্রহী ছিল ম্যানচেস্টার ইউনাইটেডও। কিন্তু শেষ পর্যন্ত তিনি বেছে নিলেন লিভারপুলকেই।
এই মৌসুমে এফএ কাপ ও লিগ কাপ জেতা লিভারপুল ছিল প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের দৌড়েও। শেষ পর্যন্ত দুটি প্রতিযোগিতাতেই অবশ্য রানার্সআপ হতে হয় তাদের। নুনিয়েসের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে ইয়ুর্গেন ক্লপের দলের শক্তি আরও বাড়িয়ে দেবে।
