পিএসজির ফুটবল উপদেষ্টা কাম্পোস
কোচ হিসেবে বিভিন্ন ক্লাবে কাজ করেছেন। তবে সেই অধ্যায় পেরিয়ে অনেক দিন ধরেই টেকনিক্যাল ডিরেক্টর বা উপদেষ্টার ভূমিকায় ফুটবলের সঙ্গে জড়িয়ে রয়েছেন লুইস কাম্পোস। তাকে এবার নিজেদের ফুটবল উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে ফরাসি ক্লাব পিএসজি।
এক বিবৃতিতে শুক্রবার কাম্পোসের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।
৫৭ বছর বয়সী এই পর্তুগিজ লিগ ওয়ানে মোনাকো ও লিলেও কাজ করেছেন।
২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত মোনাকোতে কাজ করার সময় কিলিয়ান এমবাপেকে যুব দলের খেলোয়াড় হিসেবে চূড়ান্ত করেছিলেন কাম্পোসই। বের্নার্দো সিলভাকেও তার সময়েই দলে ভিড়িয়েছিল মোনাকো।
২০২০-২১ মৌসুমে পিএসজিকে হারিয়ে লিগ ওয়ানে শিরোপা জেতে লিল। ২০২০ সালের ডিসেম্বরে দায়িত্ব ছাড়লেও দলটির এই সাফল্যে অবদান আছে কাম্পোসের। ২০১৭ সালের জুলাই থেকে স্পোর্টিং ডিরেক্টর হিসেবে কাজ করছিলেন তিনি ক্লাবটির সঙ্গে।
পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো চলে যাচ্ছেন বলে সংবাদ মাধ্যমে খবর। এদিকে এই গ্রীষ্মে মাওরিসিও পচেত্তিনোও ছাঁটাই হতে পারেন বলে আলোচনা রয়েছে। এর মধ্যেই প্যারিসের ক্লাবটিতে এলেন কাম্পোস।
গত মৌসুমে লিগ ওয়ানে শিরোপা পুনরুদ্ধার করলেও চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছিল পিএসজি। যদিও লিওনেল মেসি, নেইমার, এমবাপের মতো তারকায় ভরা ক্লাবটি।
