২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াদা রাখতে রোনালদোর সাইকেল ভ্রমণ

রিয়াল ভাইয়াদলিদ স্পেনের শীর্ষ লিগে ফিরলে সাইকেল ভ্রমণে যাওয়ার কথা দিয়েছিলেন রোনালদো। প্রত্যাশা পূরণ হওয়ায় এবার প্রতিশ্রুতি রক্ষার পালা। একটি ইলেকট্রিক সাইকেল নিয়ে এরই মধ্যে রাস্তায় নেমে পড়েছেন দা ফেনোমেনন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2022, 08:06 PM

Updated : 14 Jul 2022, 06:18 PM

ব্রাজিলের ক্লাব ক্রুজেইরোরও মালিক রোনালদো ২০১৮ সালে ভাইয়াদলিদের ৫১ শতাংশ শেয়ার কেনেন। স্প্যানিশ ক্লাবটির সভাপতিও তিনি।

গত বছর লা লিগা থেকে অবনমিত হলেও এক মৌসুম পরই ফের স্পেনের শীর্ষ স্তরে ফিরতে যাচ্ছে ভাইয়াদলিদ। স্পেনের দ্বিতীয় বিভাগ ফুটবলে দ্বিতীয় হয়ে লা লিগায় খেলার যোগ্যতা অর্জন করেছে দলটি।

৪৫ বছর বয়সী রোনালদো বাইসাইকেলে প্রায় ৪৫০ কিলোমিটার (২৮০ মাইল) পথ পাড়ি দিবেন। গত রোববার ভাইয়াদলিদের হোসে সোরিইয়া স্টেডিয়াম থেকে যাত্রা শুরু করেন তিনি। প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রীরা যে কামিনো দে সান্তিয়াগোর পথে এগিয়ে যান, সেই পথ ধরেই গিয়ে রোনালদো যাত্রা শেষ করবেন সান্তিয়াগো দি কম্পোসতেলা।

যাত্রা শুরুর আগে সাংবাদিকদের রোনালদো জানান নিজের অনুভূতির কথা।

“দারুণ হবে। আমি জানি, শারীরিকভাবে ধকল যাবে, কিন্তু এটা অবিস্মরণীয় অভিজ্ঞতা হবে।”

যাত্রা পথে রোনালদোর সঙ্গে আছেন তার সঙ্গীনী এবং তাকে সাহায্য করার জন্য বিশেষজ্ঞ দল।

নিজের দল লা লিগায় ফেরায় কতটা খুশি রোনালদো, তা তার এই ভ্রমণে ফুটে উঠছে। সঠিক পরিকল্পনার মাধ্যমেই দলকে পথে ফেরানো সম্ভব হয়েছে বলে মনে করেন বার্সেলোনা, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ ও এসি মিলানের হয়ে মাঠ মাতানো এই তারকা।

“দল অবনমিত হওয়ার পর আমরা জানতাম, প্রথম বিভাগে ফিরতে আমাদের অনেক কাজ করতে হবে…কিছু বিষয়ে পরিবর্তন করা সহ বছরের শুরুতে আমরা দারুণ কাজ করেছি, দর্শন বদলেছি।”

ভ্রমণের তৃতীয় দিন মঙ্গলবার রোনালদো তার ইন্সটাগ্রামে ভিডিও বার্তায় জানান, সান্তিয়াগো দি কম্পোসতেলার উদ্দেশে রওনা দিচ্ছেন তারা।