২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াল মাদ্রিদ বিশ্বের সেরা দল: ইনফান্তিনো

চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড ১৪তম শিরোপা জেতা রিয়াল মাদ্রিদকে প্রশংসায় ভাসিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থার প্রধানের চোখে স্পেনের দলটি বিশ্বের সেরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2022, 09:53 PM

Updated : 14 Jul 2022, 06:13 PM

মাদ্রিদে সোমবার স্প্যানিশ ফুটবলার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় উপস্থিত ছিলেন ফিফা সভাপতি। সেখানেই রিয়ালের অর্জন নিয়ে কথা বলেন তিনি।

“রিয়াল বিশ্বের সেরা দল।” হাসতে হাসতে তিনি আরও বলেন, “শুধু আশা করি, একটা বছর তারা অন্য কোনো দলকে কিছু জিততে দেবে।”

গত শনিবার প্যারিসে অনুষ্ঠিত ফাইনালে লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে আরও একবার ইউরোপ সেরার ট্রফি ঘরে তোলে রিয়াল। এই নিয়ে গত ৯ বছরে পাঁচবার চ্যাম্পিয়ন হলো তারা।

চ্যাম্পিয়ন্স লিগ নামকরণের পর এই প্রতিযোগিতার ফাইনালে উঠে কখনও হারেনি রিয়াল। তাদের আধিপত্য আরও ভালো বোঝা যায় একটা তথ্যে; প্রতিযোগিতাটির দ্বিতীয় সফল দল এসি মিলানের শিরোপা সংখ্যা ৭।

এ মৌসুমে শুধু চ্যাম্পিয়ন্স লিগই নয়, লিগ শিরোপাও জিতেছে রিয়াল। দ্বিতীয় হওয়া বার্সেলোনার সঙ্গে ১৩ পয়েন্ট এগিয়ে থেকে লিগ শেষ করে কার্লো আনচেলত্তির দল।