রিয়ালে তরুণ ব্রাজিলিয়ান ডিফেন্ডার
রিয়াল মাদ্রিদের হয়ে এখন মাঠ মাতাচ্ছেন দুই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগো। এবার সেই সুযোগ আরেক ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিউস তোবিয়াসের সামনে। শাখতার দোনেৎস্কের এই ডিফেন্ডারকে চলতি মৌসুমের বাকি অংশের জন্য ধারে নিয়েছে স্পেনের সফলতম দলটি।
ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে শুক্রবার বিষয়টি জানিয়েছে শাখতার। চুক্তিতে রিয়ালের সামনে সুযোগ থাকছে তোবিয়াসকে স্থায়ীভাবে দলে রাখার।
গত জানুয়ারিতে শাখতারে যোগ দিয়েছিলেন তোবিয়াস। দলটির হয়ে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলে একরকম বাধ্য হয়েই নতুন ঠিকানায় আসতে হলো তাকে।
গত ফেব্রুয়ারিতে ইউক্রেইনের ওপর রাশিয়ার আগ্রাসন শুরুর পর স্থগিত হয়ে গেছে দেশটির ফুটবল লিগগুলো। ফলে শাখতারের হয়ে ম্যাচ খেলার সুযোগ পাননি ১৮ বছর বয়সী এই ফুটবলার।
মৌসুমের শেষের দিকে এসে তোবিয়াস রিয়ালে যোগ দিতে পেরেছেন উয়েফা খেলোয়াড়দের দলবদলের নিয়মে পরিবর্তন আনায়।
ইউক্রেইন ও রাশিয়ার মধ্যকার চলমান যুদ্ধের প্রেক্ষিতে ওই দুটি দেশের ক্লাব থেকে সর্বোচ্চ দুইজন করে খেলোয়াড়কে ইউরোপের অন্য ক্লাবগুলোর দলে টানার সুযোগ করে দিয়েছে উয়েফা।
ধারণা করা হচ্ছে, ২০২১-২২ মৌসুমের বাকি অংশে রিয়ালের যুব দলের হয়ে খেলবেন তোবিয়াস।
