২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেরার ম্যাচে কোচকে পাচ্ছে না রিয়াল

আন্তর্জাতিক বিরতি শেষে ফেরার ম্যাচের আগে কোচকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। কোভিড-১৯ পজিটিভ হয়েছেন কার্লো আনচেলত্তি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2022, 06:52 PM

Updated : 28 Apr 2022, 11:58 PM

ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে বুধবার বিষয়টি জানিয়েছে মাদ্রিদের ক্লাবটি।

লা লিগায় আগামী শনিবার সেল্তা ভিগোর বিপক্ষে মাঠে নামবে স্পেনের সফলতম দলটি। নিশ্চিতভাবেই এই ম্যাচের ডাগআউটে থাকতে পারবেন না আনচেলত্তি।

আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের প্রথম লেগে চেলসির মুখোমুখি হবে রিয়াল। ওই ম্যাচেও ইতালিয়ান এই কোচ উপস্থিত থাকতে পারবেন কি-না, নিশ্চিত নয়।

ধারণা করা হচ্ছে, আনচেলত্তির অনুপস্থিতিতে তার ছেলে ও সহকারী দাভিদে আনচেলত্তি দলের দায়িত্ব নেবেন।

লা লিগায় ২৯ ম্যাচে ২০ জয় ও ৬ ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সেভিয়া।

২৮ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে বার্সেলোনা। তাদের সমান পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে এক ম্যাচ বেশি খেলা আতলেতিকো মাদ্রিদ।

পয়েন্ট টেবিলে শীর্ষে থাকলেও আন্তর্জাতিক বিরতির আগে শেষটা একেবারেই ভালো হয়নি আনচেলত্তির দলের। গত ২০ মার্চের ক্লাসিকোয় ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হয় রিয়াল।

সেই ধাক্কা কাটিয়ে ওঠার চ্যালেঞ্জের আগে কোচকে হারানো বেশ বড় ধাক্কাই বটে দলটির জন্য।