২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমালোচকদের জবাব দেওয়া বেলের কাছে ‘সময়ের অপচয়’

রিয়াল মাদ্রিদে দিনকে দিন ব্রাত্য হয়ে পড়ছেন গ্যারেথ বেল। সবশেষ ক্লাসিকোয় দলের ভরাডুবির ম্যাচে তাকে স্কোয়াডেই দেখা যায়নি। ক্লাবে অবদান রাখতে না পারায় মাঝেমধ্যেই শুনতে হয় নানা সমালোচনা। জাতীয় দলের হয়ে জোড়া গোল করে যেন মাঠেই জবাব দিলেন ওয়েলস ফরোয়ার্ড। তিনি নিজে যদিও এটিকে সমালোচনার জবাব হিসেবে দেখছেন না। তবে ঠিকই একহাত নিয়েছেন সমালোচকদের। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2022, 04:17 PM

Updated : 28 Apr 2022, 11:56 PM

এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের ৪২ ম্যাচের মধ্যে মাত্র পাঁচটিতে বেল খেলার সুযোগ পেয়েছেন। মিনিটের হিসেবে ২৭০ মিনিট, যা স্রেফ তিনটি পুরো ম্যাচের সমান।

এক সময়কার বিশ্বের সবচেয়ে দামী এই ফুটবলার রিয়ালের হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগাসহ জিতেছেন অনেক শিরোপা। যেখানে তার ছিল উল্লেখযোগ্য অবদান। এখন দলেই জায়গা হয় না। গত রোববার ঘরের মাঠে বার্সেলোনার বিপক্ষে ৪-০ গোলে হারের ম্যাচে স্কোয়াডে না থাকায় তাকে নিয়ে ব্যাঙ্গাত্মক শিরোনাম করে স্প্যানিশ সংবাদপত্র মার্কা।

বিশ্বকাপের প্লে-অফ সেমি-ফাইনালে বৃহস্পতিবার অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নেমে ৩২ বছর বয়সী বেল যেন জানিয়ে দিলেন, তিনি ফুরিয়ে যাননি। দলের ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে দুটি গোলই করেন তিনি। দুটিই ছিল দেখার মতো। একটি ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের ফ্রি-কিকে, অন্যটি বক্সের ভেতর থেকে।

ম্যাচটিতে এক পর্যায়ে তাকে চোট নিয়েও খেলতে দেখা যায়। ম্যাচের পর উল্লসিত বেলকে জিজ্ঞাসা করা হয়, এই উদযাপন স্পেনে তার সমালোচকদের প্রতি বার্তা কি-না। এমন প্রশ্নে কিছুটা বদলে যায় তার সুর।

‘না, সত্যি বলতে আমার বার্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এসব আমার সময়ের অপচয়।”

 “এটা খুবই জঘন্য, তাদের লজ্জা পাওয়া উচিত। আমার মাথাব্যথা নেই। ব্যস!”

জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচগুলোয় দারুণ ছন্দে আছেন বেল। সবশেষ চার ম্যাচে তার গোল পাঁচটি। তার আগের ২৮ ম্যাচ মিলিয়ে করা গোলের চেয়ে যা একটি বেশি। ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে বেলের চেয়ে বেশি গোলে সম্পৃক্ত (পাঁচ গোল, তিন অ্যাসিস্ট) আছেন কেবল পাঁচ জন খেলোয়াড়।     

অস্ট্রিয়ার বিপক্ষে জয়ে ৬৪ বছর পর ওয়েলসের বিশ্বকাপে খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে আরও। কাতারের টিকেট পেতে প্লে-অফ ফাইনালে ঘরের মাঠে স্কটল্যান্ড অথবা ইউক্রেইনের মুখোমুখি হবে ১৯৫৮ আসরের কোয়ার্টার-ফাইনালিস্টরা। নিজেদের মাঠে সব প্রতিযোগিতা মিলিয়ে তারা অপরাজিত আছে ১৭ ম্যাচ ধরে।