‘ঘরে’ ফেরার ম্যাচে গোল পেয়ে উচ্ছ্বসিত ভিনিসিউস
ব্রাজিলের জন্য ম্যাচটি স্রেফ বিশ্বকাপ বাছাইপর্বের ধারাবাহিকতা রক্ষা করা। কিন্তু ভিনিসিউস জুনিয়রের জন্য চিলির বিপক্ষে ম্যাচটি ছিল আরও বেশি কিছু। তার শৈশব-কৈশোর কেটেছে যে আঙিনায়, যে মাঠ রাঙিয়ে তারকা হয়ে ওঠার পথে তার ছুটে চলা, সেখানেই এবার ফিরলেন দেশকে প্রতিনিধিত্ব করতে। ব্রাজিলের জার্সিতে প্রথম গোলের দেখাও পেলেন এই ম্যাচেই। তরুণ ফরোয়ার্ড তাই ভাসছেন উচ্ছ্বাস আর আবেগে।
মাত্র ৬ বছর বয়সে বাবার হাত ধরে ফ্ল্যামেঙ্গো ক্লাবের একটি শাখা অফিসে পা রাখেন ভিনিসিউস। প্রতিভার ঝলক দেখিয়ে দ্রুতই জায়গা করে নেন ক্লাবের একাডেমিতে। এরপর সেখানেই বেড়ে ওঠা। ব্রাজিলের বিখ্যাত ক্লাবটির যুব পর্যায়ে খেলে একসময় জায়গা করে নেন মূল দলেও। এই ক্লাবেরই ঘরের মাঠ মারাকানা, ফুটবলর অনেক ইতিহাসের স্বাক্ষী যে মাঠ।
২০১৮ সালে ফ্ল্যামেঙ্গো থেকে ভিনিসিউস পাড়ি জমান রিয়াল মাদ্রিদে। স্পেনের সফলতম ক্লাবের হয়ে খেলে সময়ের পরিক্রমায় এখন তিনি বিশ্ব ফুটবলের উজ্জ্বল তরুণ তারকাদের একজন। তবে মারাকানার প্রতি টান তো এখনও অটুট!
চিলির বিপক্ষে এই ম্যাচটির জন্য পরিবার ও বন্ধুদের জন্য একশর বেশি টিকিট ভিনিসিউস কেনেন বলে খবর ব্রাজিলের একটি ক্রীড়া ওয়েবসাইটের। মাঠের ফুটবলেও তাদেরকে হতাশ করেননি তিনি। দেশের জার্সিতে প্রথম গোলটি করেন এ দিন। আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাজিল ম্যাচ জিতে নেয় ৪-০ গোলে।
ম্যাচের পর ভিনিউসের প্রতিক্রিয়ায় পরিষ্কারভাবেই ফুটে উঠল তৃপ্তির সুর।
“মারাকানায়, পুরো পরিবারের সামনে…প্রথম আন্তর্জাতিক গোলটি এর চেয়ে ভালো কোথাও আর হতে পারত না। আমি খুবই খুশি।”
অনেক আগেই বিশ্বকাপ নিশ্চিত করা ব্রাজিল বাছাইয়ে ১৬ ম্যাচের ১৩টিই জিতে নিল, বাকি তিনটিতে ড্র। তবে স্রেফ বাছাইয়ে দাপট দেখিয়ে উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন না ভিনিসিউস। এই বছরের শেষে বিশ্বকাপের আসর কাতারে। ২১ বছর বয়সী ফরোয়ার্ড স্বপ্ন দেখছেন বিশ্ব শিরোপার।
“বিশ্বকাপের আগে ব্রাজিলে এটিই আমাদের শেষ ম্যাচ। সমর্থকদের কৃতজ্ঞতা জানাই আমরা। এখন আমাদের কঠোর পরিশ্রম করে যেতে হবে এবং সঠিক কাজগুলি করতে হবে যেন বছরের শেষে (বিশ্বকাপে) শিরোপা জিততে পারি।”
