ইউক্রেইনে যুদ্ধে ক্ষতিগ্রস্ত নাগরিকদের পাশে রিয়াল মাদ্রিদ
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেইনের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সাহায্যার্থে এগিয়ে এসেছে রিয়াল মাদ্রিদ। সেখানকার বাস্তুহারা নাগরিকদের জন্য ১০ লাখ ইউরো অনুদান দিয়েছে স্পেনের সফলতম ক্লাবটি।
ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে বুধবার বিষয়টি জানিয়েছে রিয়াল।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর ইউক্রেইনের বিরুদ্ধে স্থল, আকাশ ও সমুদ্র পথে সর্বাত্মক আক্রমণ শুরু করে রুশ বাহিনী।
জাতিসংঘ (ইউএন) জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইউক্রেইনের প্রায় ৩০ লাখ নাগরিক দেশ ছেড়ে পালিয়েছে।
ইউরোপীয় ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফা সম্প্রতি ইউক্রেইনের শিশুদের সহায়তার জন্য ১০ লাখ ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশনের মাধ্যমে সমপরিমাণ অর্থ প্রদান করল রিয়াল।
বিবৃতিতে মাদ্রিদের ক্লাবটি জানিয়েছে, রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশন কর্তৃক গঠিত ‘ইউক্রেইনের পাশে সবাই’ ক্যাম্পেইনের মাধ্যমে তাদের অনুদানের অর্থ রেড ক্রস এবং শরণার্থীদের জন্য জাতিসংঘের হাই কমিশনারের কাছে যাবে।
রিয়াল আরও জানিয়েছে, গত ৫ মার্চ থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি যতদিন সাহায্য প্রয়োজন হবে ততদিন চালিয়ে যাবে তারা।
