২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএইচএফ কাপ হকি থেকে সরে দাঁড়াল চীন

এএইচএফ কাপ হকির মাঠের লড়াই শুরু হতে মাত্র দুদিন বাকি। এই সময় হঠাৎ করে সরে দাঁড়াল চীন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2022, 09:22 PM

Updated : 28 Apr 2022, 11:48 PM

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আগামী শুক্রবার শুরু হবে এএইচএফ কাপ হকির এবারের আসর। ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে ২৫তম স্থানে থাকা চীন সরে দাঁড়ানোয় ৯ দল নিয়ে হবে খেলা।

ভিন্ন গ্রুপে পড়ায় গ্রুপ পর্বে চীনের সঙ্গে দেখা হতো না বাংলাদেশের। পুল ‘বি’তে থাকা বাংলাদেশের চার প্রতিপক্ষ ইন্দোনেশিয়া, ইরান, ওমান ও সিঙ্গাপুর।

এই চার প্রতিপক্ষের মধ্যে ওয়ার্ল্ড হকি র‌্যাঙ্কিংয়ে ৩৮তম স্থানে থাকা বাংলাদেশের উপরে আছে ওমান (২৬তম) ও সিঙ্গাপুর (৩৫তম)। স্বাগতিক ইন্দোনেশিয়া আছে ৫১তম স্থানে। ৯১ দেশের ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ের বাইরে আছে ইরান।

পুল ‘এ’-তে থাকা চার দলের মধ্যে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকা দল থাইল্যান্ড (৩৬তম) ও শ্রীলঙ্কা (৩৭তম)। উজবেকিস্তান ৫৩তম ও কাজাখস্তান ৫৯তম।

বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ মার্চ স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে। এরপর জিমি-সারোয়ারদের প্রতিপক্ষ যথাক্রমে ১৪ মার্চ সিঙ্গাপুর, ১৫ মার্চ ইরান ও ১৭ মার্চ ওমান।

১৯ মার্চ সেমি-ফাইনাল এবং ফাইনাল হবে ২০ মার্চ। এই টুর্নামেন্ট থেকে তিনটি দল সরাসরি খেলবে এশিয়া কাপে।

গ্রুপ পর্বে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ ওমান। তাদের বিপক্ষে সবশেষ ২০১৮ সালে এশিয়ান গেমসে ২-১ গোলে জিতেছিল বাংলাদেশ।

বুধবার বাংলাদেশ হকি ফেডারেশন জানিয়েছে, কোভিড-১৯ পরীক্ষায় দলের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। মাঠের অনুশীলনও শুরু করেছে বাংলাদেশ।