কিংয়ের নৈপুণ্যে শেখ জামালের জয়
জোড়া গোলে ম্যাচের লাগাম শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের মুঠোয় এনে দিলেন সলোমন কিং। পিটার থ্যাঙ্কগডের হাত ধরে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত চট্টগ্রাম আবাহনী দিল বটে, কিন্তু শেষ পর্যন্ত হারের বিষাদই সঙ্গী হলো তাদের।
মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে: মতিউর রহমান স্টেডিয়ামে রোববার চট্টগ্রাম আবাহনীকে ২-১ গোলে হারিয়েছে শেখ জামাল।
নবম মিনিটেই এগিয়ে যেতে পারত চট্টগ্রাম আবাহনী। কিন্তু থ্যাঙ্কগডের শট ব্লক করেন শেখ জামালের ডিফেন্ডার আরিফুল ইসলাম।
দুই মিনিট পর চট্টগ্রাম আবাহনীর ত্রাতা ডিফেন্ডার কামরুল হাসান। রায়হান হাসানের লম্বা থ্রোয়ে সোলাইমান সিল্লাহর ব্যাক হেড দূরের পোস্ট দিয়ে ভেতরে ঢোকার আগ মুহূর্তে ফেরান তিনি।
২৯তম মিনিটে কিংয়ের দারুণ গোলে এগিয়ে যায় শেখ জামাল। প্রায় ৩০ গজ দূর থেকে জোরাল শটে লক্ষ্যভেদ করেন এই গাম্বিয়ান ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে প্রথম ভালো সুযোগটি পেয়েছিল চট্টগ্রাম আবাহনী। কিন্তু ৬৪তম মিনিটে রুবেল মিয়ার ক্রসে বক্সে ফাঁকায় থাকা থ্যাঙ্কগডের হেড অল্পের জন্য ক্রসবারের উপর দিয়ে যায়।
৬৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ২০১৫ সালে সবশেষ প্রিমিয়ার লিগ শিরোপা জেতা ধানমণ্ডির দলটি। সতীর্থের ক্রসে কিংয়ের প্রথম শট গোলরক্ষক আটকালেও তার ফিরতি কোনাকুনি শটে বল জাল খুঁজে পায়।
৮৩তম মিনিটে ব্যবধান কমানো গোলটি করে চট্টগ্রাম আবাহনী। কেহিন্দে ইসার পাস প্রথম প্রচেষ্টায় নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন থ্যাঙ্কগড।
লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষেই থাকলেন থ্যাঙ্কগড (৭টি); ৬টি করে গোল বসুন্ধরা কিংসের রবসন দি সিলভা রবিনিয়ো ও সাইফ স্পোর্টিংয়ের এমেকা ওগবাহর।
চলতি লিগে প্রথম হারের স্বাদ পাওয়া বন্দর নগরীর দলটি ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।
স্বস্তির জয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে শেখ জামাল। ৭ ম্যাচে ১৫ পয়েন্ট তাদের। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস।
দিনের অন্য ম্যাচে, গোপালগঞ্জের শেখ ফজলুল মনি স্টেডিয়ামে দারুণ চমক দেখিয়েছে উত্তর বারিধারা। দুই গোল হজমের পর শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৩-২ গোলে হারিয়েছে তারা।
৭ থেকে ১০-এই তিন মিনিটের মধ্যে আইজার আখমেতভ ও ইসমাইল রুতি তাবারেজের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় শেখ রাসেল।
প্রথমার্ধের শেষ দিকে দুই মিনিটের মধ্যে সাইদস্তোন ফজিলভ ও সুজন বিশ্বাসের গোলে সমতায় ফিরে উত্তর বারিধারা। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে সুজনের লক্ষ্যভেদেই চলতি লিগে দ্বিতীয় জয় পায় উত্তর বারিধারা।
৭ ম্যাচে ৭ পয়েন্ট উত্তর বারিধারার। টানা চতুর্থ হারের তেতো স্বাদ পাওয়া শেখ রাসেলের পয়েন্ট ৫।
