২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেজাজ হারিয়ে টুখেল বললেন, যুদ্ধ নিয়ে আর প্রশ্ন নয়

দল ইংলিশ। কিন্তু মালিক রাশিয়ান। তাই ইউক্রেইনের ওপর রুশ বাহিনী হামলা করার পর থেকেই চেলসি কোচ টমাস টুখেলের দিকে ধেয়ে আসছে প্রশ্নের বান। তাতে তার দল বা ফুটবল নিয়ে আলোচনাই ঢাকা পড়ে গেছে। একই বিষয়ে বারবার প্রশ্ন শুনে বিরক্তি প্রকাশ করতেও পিছপা হলেন না এই জার্মান। সাংবাদিকদের প্রতি আহ্বান জানালেন তাকে এই বিষয়ে আর প্রশ্ন না করার জন্য।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2022, 05:21 PM

Updated : 02 Aug 2022, 03:02 PM

দুই প্রতিবেশী দেশের কয়েক সপ্তাহের ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর ইউক্রেইনের বিরুদ্ধে স্থল, আকাশ ও সমুদ্রে পথে সর্বাত্মক আক্রমণ শুরু করে রুশ বাহিনী। দুই দেশের মধ্যে যুদ্ধ গড়িয়েছে সপ্তম দিনে।

রাশিয়া আগ্রাসন চালানো শুরুর পর দেশটির ওপর নানা নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা বিশ্ব, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য সরকার।

কেবল রাজনৈতিক অঙ্গনেই নয়, দেশটির ক্রীড়াক্ষেত্রেও পড়েছে এর বিরূপ প্রভাব। সেন্ট পিটার্সবুর্গ থেকে চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল প্যারিসে সরিয়ে নেওয়ার পর গত সোমবার রাশিয়ার সকল ক্লাব ও জাতীয় দলকে সব ধরনের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছে ফিফা ও উয়েফা।

চেলসির মালিক রোমান আব্রাহামোভিচ রুশ হওয়ায় ক্লাবটিও পড়ছিল রোষানলে। বিরূপ পরিস্থিতিতে গত শনিবার দলটির ‘অভিভাবকত্ব’ হস্তান্তর করেন এই ধনকুবের। ক্লাবটির দেখভালের দায়িত্ব দেন চেলসিরই চ্যারিটেবল ফাউন্ডেশনের হাতে। যদিও এই প্রতিষ্ঠান গুরুদায়িত্বটি নিতে প্রস্তুত নয় বলে সংবাদমাধ্যমের খবর।

এফএ কাপের পঞ্চম রাউন্ডে বুধবার বাংলাদেশ সময় রাত সোয়া একটায় দ্বিতীয় বিভাগের দল লুটন টাউনের বিপক্ষে খেলবে চেলসি। গত কয়েক দিনের মতো এই ম্যাচের আগেও টুখেলের সংবাদ সম্মেলনে ওঠে ইউক্রেইন-রাশিয়া যুদ্ধের প্রসঙ্গ। এক পর্যায়ে মেজাজ হারান সাবেক বরুশিয়া ডর্টমুন্ড কোচ।

“কতবার আমাকে এই বিষয়ে বলতে হবে? এটা (চলমান যুদ্ধ) ভয়ঙ্কর, অবশ্যই তাই। এই প্রসঙ্গে অন্য কোনো মতামত থাকতে পারে না।”

“ইউরোপের সবাই কিছুটা অশান্তিতে আছে, যা কেউ চায় না। সম্ভবত আপনার ক্ষেত্রেও তাই, কিন্তু তা স্বত্ত্বেও আপনি আপনার কাজ যতটা সম্ভব ভালোভাবে করার চেষ্টা করছেন। আমরাও তাই করছি।”

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে ‘যুদ্ধের ভয়াবহতা’ নিয়ে আরেকজন সাংবাদিক প্রশ্ন শুরু করতেই তাকে থামিয়ে দেন টুখেল। ক্ষিপ্ত হয়ে বলেন, এই বিষয়ে তাকে যেন আর কোনো প্রশ্ন না করা হয়।

“শুনুন, আপনাদের এসব প্রশ্ন বন্ধ করতে হবে। আমি রাজনীতিবিদ নই।”

“আমি কেবল (নিজের কথার) পুনরাবৃত্তি করতে পারি এবং আমার এটি পুনরাবৃত্তি করতেও খারাপ লাগছে কারণ আমি কখনও যুদ্ধের মধ্যে পড়িনি…আমি এখানে শান্তিতে বসে আছি এবং যতটা পারি ভালো কিছু করার চেষ্টা করছি, তবে আপনাদের আমাকে এ ধরনের প্রশ্ন করা বন্ধ করতে হবে। আমার কাছে কোনো উত্তর নেই।”

আব্রাহামোভিচ ক্লাবের ‘অভিভাবকত্ব’ চ্যারিটেবল ফাউন্ডেশনের হাতে তুলে দিলেও এখনও এর মালিক তিনিই। তাই চেলসির মানুষের ক্ষোভ এখনও মিটে না যাওয়ার যথেষ্ট কারণ আছে। কঠিন এই সময়ে চেলসির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত কিনা-এমন প্রশ্নের জবাবে টুখেল বলেন, এসব কিছু নিয়ে ভাবছেনই না তারা।

“আমরা শান্ত থাকার চেষ্টা করছি এবং যে ঝড় চলছে তার কেন্দ্রে থেকেও আমরা শান্ত আছি অথবা আমাদের চারপাশে যা কিছু হচ্ছে সেসব আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, আমরা এর জন্যও দায়ী নই। তাই আমরা যা পছন্দ করি এবং আমরা যা করি তার ওপর মনোনিবেশ করাই সবচেয়ে ভালো হবে, আর সেটা হলো খেলাধুলা।”