২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘১১ জন ছাড়াও পুরো বের্নাবেউয়ের বিপক্ষে খেলতে হবে পিএসজিকে’

প্রতিপক্ষের মাঠে বাজে পারফরম্যান্সে পেতে হয়েছে হারের তেতো স্বাদ। রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিও মেনে নিচ্ছেন, পিএসজির মাঠে তার দল মোটেই ভালো খেলতে পারেনি। তবে হারের ব্যবধান কম হওয়ায় আর ফিরতি লেগ নিজেদের মাঠে বলে আশাবাদী তিনি। একই সঙ্গে মনে করিয়ে দিলেন, সান্তিয়াগো বের্নাবেউয়ে শুধু ১১ জন খেলোয়াড়ের বিপক্ষে নয়, তাদের ৫০ হাজার সমর্থকের সামনে খেলতে হবে পিএসজিকে!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2022, 03:38 PM

Updated : 25 Oct 2022, 10:14 AM

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে প্যারিসে মঙ্গলবার রাতে ১-০ গোলে হারে প্রতিযোগিতাটির সফলতম দল রিয়াল। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের শেষ মুহূর্তে গোলটি করেন কিলিয়ান এমবাপে।

তারকাসমৃদ্ধ পিএসজির সামনে ম্যাচ জুড়ে খোলসবন্দি হয়ে ছিল রিয়াল। করিম বেনজেমা, ভিনিসিউস জুনিয়ররা করে দেখাতে পারেননি তেমন কিছুই। পুরো ম্যাচে সফরকারীরা গোলের জন্য শট নিতে পারে স্রেফ তিনটি, যার একটিও ছিল না লক্ষ্যে। এতেই ফুটে উঠছে তাদের পারফরম্যান্সের চিত্র।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তিও স্বীকার করে নিলেন, অনেক সংগ্রাম করতে হয়েছে তাদের। নিজেদের চাওয়া অনুযায়ী খেলতে পারেনি তার দল।

“আমরা ভুগেছি। রক্ষণাত্মকভাবে আমরা বেশ ভালো পারফর্ম করেছি। আমরা খুব আক্রমণাত্মক ছিলাম না এবং যখন বল দখলে ছিল তখনও পারফর্ম করতে ব্যর্থ হয়েছি। আমাদের অর্ধে পিএসজির চাপ কাটিয়ে উঠতে আমাদের সংগ্রাম করতে হয়েছে। আর সে কারণেই আমরা কোনো পরিষ্কার সুযোগ তৈরি করতে পারিনি।”

“নিজেদের অর্ধ থেকে বেরিয়ে আসার জন্য আমাদের সংগ্রাম করতে হয়েছে এবং আসেনসিও ও ভিনিসিউস জুনিয়রকে আমরা বল দিতে পারিনি আর করিমের বল পাওয়ার কোনো সুযোগই তৈরি হয়নি। এর কোনো ভালো ব্যাখ্যা নেই। পজেশন থাকা অবস্থায় যেভাবে চেয়েছিলাম সেভাবে পারফর্ম করতে পারিনি আমরা।”

ইউরোপিয়ান ক্লাব ফুটবলে অ্যাওয়ে গোলের নিয়ম বাতিল হয়ে গেছে গত বছর। আনচেলত্তি মানছেন, বিষয়টি ফিরতি লেগে সুবিধা দেবে তাদের। তবে তিনি আশাবাদী ভিন্ন আরেকটি কারণে।

“এখন ফিরতি লেগ আমাদের মাঠে খেলব। অ্যাওয়ে গোলের নিয়ম নিয়ে কোনো উদ্বেগ নেই। এটা আমাদের সহায়তা করতে পারে। আমরা আশাবাদী হতে পারি কি-না? পিএসজি অবশ্যই কিছুটা এগিয়ে থাকবে। তবে আমি আশা করি, বের্নাবেউয়ে খেলার জন্য তা যথেষ্ট হবে না। আমি আশাবাদী কারণ, বের্নাবেউয়ে আমাদের ১১ জন্য খেলোয়াড় এবং ৫০ হাজার সমর্থক থাকবে। এ কারণেই (ঘুরে দাঁড়ানোর ব্যাপারে) আমি ইতিবাচক।”

আগামী ৯ মার্চ হবে ফিরতি লেগ।