সমর্থকদের ক্ষোভের মাঝে ক্লাবে ঐক্যের ডাক পচেত্তিনোর
লিগ ওয়ানে শিরোপা পুনরুদ্ধারের অভিযানে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে দল। চ্যাম্পিয়ন্স লিগে তিন দিন পর তারা পড়তে যাচ্ছে প্রতিযোগিতাটির রেকর্ড শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদের সামনে। খুব গুরুত্বপূর্ণ এই সময়েই কি-না সমর্থকদের ভালোবাসা হারাতে বসেছে পিএসজি! ভক্তদের সঙ্গে দূরত্ব ঘোচাতে প্যারিসের দলটির কোচ মাওরিসিও পচেত্তিনো ডাক দিয়েছেন ঐক্যের।
প্যারিসে শুক্রবার রাতে লিগ ওয়ানে রেনের বিপক্ষে ১-০ গোলে জিতেছে পিএসজি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গোলটি করেন কিলিয়ান এমবাপে। লিগে এই নিয়ে টানা ১৫ ম্যাচে অপরাজিত রইল দলটি।
লিগে জয়ের ধারা চললেও তারকাসমৃদ্ধ দলটির সব মিলিয়ে পারফরম্যান্স আশানুরূপ নয়। সপ্তাহ দুয়েক আগে তারা তুলনামূলক দুর্বল নিসের বিপক্ষে হেরে ছিটকে যায় ফরাসি কাপের শেষ ষোলো থেকে। ক্লাবের সমর্থকরা যা মোটেও মেনে নিতে পারেনি। কয়েক দিন আগে ক্লাবটির সবচেয়ে প্রভাবশালী সমর্থক গোষ্ঠী কালেকটিফ আল্ট্রাস প্যারিসের (সিইউপি) ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কড়া প্রতিক্রিয়া জানায়।
তাদের অভিযোগ, চ্যাম্পিয়ন্স লিগ ছাড়া অন্য কোনো প্রতিযোগিতাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না ক্লাব কর্তৃপক্ষ, কোচ বা খেলোয়াড়রা।
সমর্থকদের প্রতিবাদের ভাষা এমন একটি সময়ে তীব্রতর হচ্ছে, যখন পিএসজির তাদের সমর্থন প্রয়োজন সবচেয়ে বেশি। ইউরোপ সেরার মঞ্চে আগামী মঙ্গলবার শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলবে তারা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ভক্তদের সঙ্গে এই দূরত্ব ফ্রেঞ্চ ক্লাবটির জন্য দুঃশ্চিন্তার কারণ।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে তাই পচেত্তিনো দিলেন ঐক্যের ডাক। মৌসুমের এই সময়ে বিভেদ ভুলে সবাইকে ক্লাবের পাশে থাকার আহ্বান জানালেন তিনি।
“আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একটি ক্লাবের জন্য ভক্তরা খুব গুরুত্বপূর্ণ এবং তাদের নিজেদের মত প্রকাশ করার অধিকার আছে, কিন্তু আমাদের ঐক্য ধরে রাখতে হবে। আমরা মৌসুমের একটি গুরুত্বপূর্ণ সময়ে প্রবেশ করছি এবং আমাদের একসঙ্গে থাকতে হবে।”
"যেমনটা আমি সবসময় বলে আসছি, কিছু বিষয় সংশোধনের জন্য আমরা মৌসুমের শেষে (আলোচনার) বসতে পারি। কারণ সম্ভবত আমরা কিছু বিষয়ে উন্নতি করতে পারি যাতে আমাদের ক্লাবটি বিশ্বের সবচেয়ে বড় দলগুলোর একটি হয়ে উঠতে পারে।”
লিগ ওয়ানে ২৪ ম্যাচে ১৮ জয় ও ৫ ড্রয়ে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা মার্সেই অনেক ব্যবধানে আছে দুইয়ে, ২৩ ম্যাচে তাদের পয়েন্ট ৪৩।
তবে লিওনেল মেসি-এমবাপেদের নিয়ে সাজানো আক্রমণভাগ চিন্তার যথেষ্ট কারণ আছে। রেনের বিপক্ষে পুরো ম্যাচে মাত্র একটি শট লক্ষ্যে রাখতে পারে তারা, যা থেকে আসে ফরাসি ফরোয়ার্ডের একমাত্র গোলটি।
চোট কাটিয়ে রিয়ালের বিপক্ষে নেইমারের খেলাটা এখনও অনিশ্চিত। তাই আসছে ম্যাচে আক্রমণভাগ স্বরুপে না ফিরতে পারলে ভুগতে হতে পারে পিএসজিকে।
