২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসজিতে ধৈর্য হারা সমর্থকরা

অঢেল অর্থ ঢেলে পিএসজি জড়ো করছে অনেক তারকা ফুটবলারদের। কিন্তু মাঠে এর প্রভাব পড়ছে না সেভাবে। এখনও জেতা হয়নি চ‍্যাম্পিয়ন্স লিগ। ইউরোপ সেরার শিরোপা জেতাকে অগ্রাধিকার দেওয়া দলটি গতবার ধরে রাখতে পারেনি ফরাসি লিগের শিরোপা। এই মৌসুমে কদিন আগে বিদায় নিয়েছে ফরাসি কাপের শেষ ষোলো থেকে। সব দেখে শুনে মোটেও পছন্দ হচ্ছে না দলটির সবচেয়ে প্রভাবশালী সমর্থক গোষ্ঠী কালেকটিফ আল্ট্রাস প্যারিসের (সিইউপি)। তাদের মতে, ঐতিহ‍্য ভুলে গেছে পিএসজি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2022, 09:55 PM

Updated : 25 Oct 2022, 10:13 AM

২০১১ সালে ‘কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টস’ পিএসজির মালিকানা নেওয়ার পর থেকে দলটির খেলোয়াড়দের পেছনে খরচ করা হয়েছে অঢেল অর্থ। তাদের দলে আছে বিশ্বের সবচেয়ে দামি দুই ফুটবলার নেইমার ও কিলিয়ান এমবাপে। গত গ্রীষ্মকালীন দলবদলে বার্সেলোনা কিংবদন্তি লিওনেল মেসির পাশাপাশি তারকা সেন্টার-ব্যাক সের্হিও রামোস, প্রতিভাবান রাইট-ব্যাক আশরাফ হাকিমি, মিডফিল্ডার জর্জিনিয়ো ভেইনালডাম ও গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মার মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের দলে টানে প্যারিসের দলটি।

কিন্তু তারকা খচিত পিএসজি মেটাতে পারছে না প্রত‍্যাশা। কদিন আগে ফরাসি কাপের শেষ ষোলোয় নিসের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে প্রতিযোগিতাটির রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নরা।

এ সব কিছু নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার এক বিবৃতিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে সিইউপি। দাবি করেছে পিএসজিতে পরিবর্তন আনার।

“অনেক লম্বা সময় ধরে ক্লাবটি আমাদের সামনে এমন একটি অবস্থান তুলে ধরেছে, যা আমরা আর সমর্থন করি না। এটা এমন একটা ক্লাব, খেলার বাস্তবতাকে তোয়াক্কা না করে যারা তারকাদের একসঙ্গে জমা করে বখে যাওয়া সন্তানের মতো।”

আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে পিএসজি। ঘরোয়া প্রতিযোগিতাগুলোকে উপেক্ষা করে দলটি শুধু চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে ভাবছে বলে মনে করছে সিইউপি।

“ক্লাবকে দেখে মনে হয়, তারা অনেক বড় স্বপ্ন দেখে আর মৌসুম শুরু হয় ফেব্রুয়ারিতে। ঘরোয়া ট্রফিগুলোকে তারা উপেক্ষা করছে বলেও মনে হচ্ছে। আমরা এই ক্লাবকে আর চিনতে পারছি না। আজ আমাদের ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে!”

“প্রচণ্ড হতাশা থাকলেও আমরা সবসময় ক্লাবকে আমাদের সমর্থন দিয়ে গেছি। আজ আমরা সতর্কবার্তা দিচ্ছি। খেলোয়াড়-কোচদের ঘুরে দাঁড়ানোর সময় হয়েছে…আমাদের সম্মান করুন, আমাদের জার্সিকে সম্মান করুন।”