সমর্থকদের দেম্বেলের পাশে থাকার আহ্বান শাভির
ক্লাবের চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েই সমর্থকদের ভালোবাসা হারিয়ে ফেলেছেন উসমান দেম্বেলে। পরে ক্লাব ‘বিদায়’ বলে দিলেও রয়ে গেছেন তিনি। এতে তাকে নিয়ে দল পড়েছে বেকায়দায় আর তাতে আরও ক্ষেপেছেন বার্সেলোনা সমর্থকরা। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার সুযোগ হয়নি ফরাসি ফরোয়ার্ডের। কিন্তু বেঞ্চে থেকেই শুনতে হয়েছে দুয়ো। খুব জটিল এই পরিস্থিতিতে খেলোয়াড়ের পাশে দাঁড়ালেন শাভি এরনান্দেস। দেম্বেলেকে আর দুয়ো না দিতে ভক্তদের প্রতি আহ্বান জানালেন বার্সেলোনা কোচ।
আগামী জুনে বার্সেলোনার সঙ্গে শেষ হবে দেম্বেলের চুক্তির মেয়াদ। এরপর তিনি হয়ে যাবেন ‘ফ্রি এজেন্ট।’ অনেক দিন ধরেই তার সঙ্গে চুক্তি নবায়নের চেষ্টা করছে কাম্প নউয়ের দলটি। কিন্তু তাকে এখনও রাজি করাতে পারেনি তারা।
জানুয়ারির শুরুতে চুক্তি নবায়ন না করলে দেম্বেলেকে আর না খেলানোর হুমকি দিয়েছিলেন শাভি। ওই মাসের দলবদলে তাকে ক্লাব ছাড়তেও বলা হয়। কিন্তু কোনোটাই কার্যকর হয়নি। শেষ পর্যন্ত একরকম বাধ্য হয়েই সিদ্ধান্ত বদলান শাভি। গত শনিবারের সংবাদ সম্মেলনে তিনি জানান, দলের প্রয়োজনে ২৪ বছর বয়সী এই ফুটবলারকে খেলাতে কোনো আপত্তি নেই তার।
কাম্প নউয়ে রোববার লা লিগার ম্যাচে আতলেতিকোর বিপক্ষে ৪-২ গোলে জেতে বার্সেলোনা। গত ১২ জানুয়ারি সবশেষ খেলার পর এই ম্যাচ দিয়েই প্রথম কাতালান দলটির স্কোয়াডে ফেরেন দেম্বেলে। যদিও পুরোটা সময় বেঞ্চেই ছিলেন বিশ্বকাপ জয়ী এই খেলোয়াড়।
বেঞ্চে থেকেই সমালোচকদের রোষের মুখে পড়েন তিনি। দুয়োধ্বনি দেওয়া হয় তাকে লক্ষ্য করে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সমর্থকদের দেম্বেলেকে দুয়ো দেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানান শাভি। ম্যাচের ৬৯তম মিনিটে ডিফেন্ডার দানি আলভেস লাল কার্ড না দেখলে বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক তারকাকে বদলি হিসেবে নামানোর পরিকল্পনাও ছিল বলেন জানান কোচ।
“সমর্থকরা দশে দশ ছিল। পুরো ম্যাচ জুড়ে তাদের সমর্থন ছিল দুর্দান্ত। কিন্তু আমি চাই, তারা উসমানকেও (দেম্বেলে) সমর্থন জানাক। সমর্থকদের প্রতি তাকে দুয়ো না দিতে আহ্বান জানাচ্ছি আমি।”
“তাকে বদলি হিসেবে নামানোর পরিকল্পনা করেছিলাম। কিন্তু (আলভেসের) লাল কার্ড এবং খেলা যেভাবে এগিয়ে যাচ্ছিল তাতে আমি সিদ্ধান্ত পরিবর্তন করি।”
আতলেতিকোর বিপক্ষে জয়ের পর ২২ ম্যাচে ১০ জয় ও আট ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে চতুর্থ স্থানে। ২ পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে মাদ্রিদের দলটি।
