রিয়ালের আকাশ থেকে ঝরে যাচ্ছেন বেল?
রেকর্ড ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর ঈর্ষণীয় সব সাফল্যের স্বাদ পেয়েছেন গ্যারেথ বেল। কিন্তু ইদানিং তিনি ব্রাত্য হয়ে পড়ছেন মাদ্রিদের দলটিতে। কোচ কার্লো আনচেলত্তির কাছে নন প্রথম পছন্দের ফরোয়ার্ড। এমনকি বদলি নামারও সুযোগ হয় না তেমন। সব মিলিয়ে সান্তিয়াগো বের্নাবেউয়ে ওয়েলসের এই তারকার ভবিষ্যৎ ফিকে হয়ে যাচ্ছে দিনকে দিন।
এই আলোচনা বাড়তি মাত্রা পেয়েছে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে রিয়ালের কোপা দেল রের সবশেষ ম্যাচের পর থেকে। এক মিনিটের জন্যও খেলার সুযোগ পাননি বেল। এমনকি তাকে ওয়ার্ম-আপ করতেও দেখা যায়নি, যা রিয়ালে তার দিন ফুরানোর ইঙ্গিতই দিচ্ছে।
বিলবাওয়ের বিপক্ষে অবশ্য কেবল বেল নয়, এদেন আজারকেও সুযোগ দেননি আনচেলত্তি। ১-০ গোলে হেরে কোপা দেল রে থেকে ছিটকে যাওয়ার পর রিয়াল কোচ দল সাজানো নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন। জবাবে তিনি জোর দিয়ে বলেন, দল নির্বাচনে কোনো ভুল নেই।
টটেনহ্যাম হটস্পার ছেড়ে ২০১৩ সালে সেসময়কার রেকর্ড ট্রান্সফার ফি সাড়ে আট কোটি পাউন্ডে রিয়ালে নোঙর ফেলার পর বেল উল্লেখ করার মতো অনেক সাফল্য পেয়েছেন। চারটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। এর মধ্যে দুটি আসরের ফাইনালে রিয়ালের জয়ের নায়কদের একজন ছিলেন তিনি। কিন্তু চুক্তি শেষের দ্বারপ্রান্তে থাকা ৩২ বছর বয়সী ফরোয়ার্ড এখন আর দলটিতে অপরিহার্য নন।
ধারে গত মৌসুম টটেনহ্যামে কাটানোর পর চলতি মৌসুমে চোট ও করোনাভাইরাস বারবার পথ আগলে দাঁড়িয়েছে বেলের। এ পর্যন্ত তিনবার চোট পেয়েছেন, একবার কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। যার প্রভাব পড়েছে তার ম্যাচ টাইমে; তিন ম্যাচে খেলতে পেরেছেন ১৯৩ মিনিট। সবশেষ খেলেছেন ২০২১ সালের ২৮ সেপ্টেম্বরে।
মৌসুমের শুরুতে অবশ্য আনচেলত্তি সুযোগ দিয়েছিলেন বেলকে। কিন্তু দিন গড়ানোর সঙ্গে সঙ্গে এটা পরিস্কার হয়ে গেছে যে, শিষ্যের ওপর ধৈর্য্য হারিয়ে ফেলেছেন কোচ। তাই মূল দলে বেলকে দেখার সম্ভাবনাও খুব একটা দেখা যাচ্ছে না।
রোববার গ্রানাদার বিপক্ষে ম্যাচ রয়েছে রিয়ালের। কিন্তু বেলকে যে আনচেলত্তি ডাকবেন, সে সম্ভাবনা খুবই ক্ষীণ। মানেটাও পরিষ্কার, সান্তিয়াগো বের্নাবেউয়ের আকাশ থেকে ঝরে যাওয়া নক্ষত্রের খাতায় বেলের নাম ওঠা হয়তো স্রেফ সময়ের ব্যাপার।
