মহামারীর বেইজিংয়ে পর্দা উঠল শীতকালীন অলিম্পিকসের
বেইজিং জাতীয় স্টেডিয়ামের আকাশ ভরে গেল আতসবাজির রঙিন আলোয়, উদ্বোধনের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট শি জিনপিং; কোভিড মহামারীর প্রতিকূলতা আর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে কয়েকটি দেশের কূটনৈতিক বয়কটের মধ্যেই পর্দা উঠল বেইজিং শীতকালীন অলিম্পিকসের।
এই বেইজিংয়েই ১৪ বছর আগে গ্রীষ্মকালীন অলিম্পিকসের জমকালো আসর দেখেছিল বিশ্ব। এই প্রথম কোনো শহর গ্রীষ্মকালীন ও শীতকালীন দুই রকম আসরেরই আয়োজন করল। তবে সব কিছুই এবার অন্যরকম।
গ্রীষ্মকালীন অলিম্পিকসের সেই আসরে উদ্বোধনী অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন যিনি, সেই ঝ্যাং ইয়োমু ফিরে এলেন ১৪ বছর পর। কিন্তু এবার তাকে সব কিছুই করতে হয়েছে মহামারীর বাস্তবতা মেনে। উদ্বোধনী অনুষ্ঠান তাকে সীমিত রাখতে হয়েছে ১০০ মিনিটের মধ্যে।
শুক্রবার সন্ধ্যায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান টমাস বাখ আইকনিক বার্ডস নেস্ট স্টেডিয়ামে প্রবেশের পর আনুষ্ঠানিকতা শুরু হয়।
সব মিলিয়ে জনাবিশেক রাষ্ট্রনায়ক এবারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিন, যার মুখে মাস্ক দেখা যায়নি।
শীতকালীন এ ক্রীড়া আসর বসল চীনা পঞ্জিকা অনুযায়ী বসন্তের প্রথম দিন। এ ঋতুর আবহ বোঝাতেই উজ্জ্বল সবুজ ডালপালার মধ্যে নৃত্য দিয়ে শুরু হয় পরিবেশনা। এরপর সাদা ও সবুজ আতশবাজিতে ফুটিয়ে তোলা হয় ‘বসন্ত’ শব্দটি।
৯১ দেশ থেকে আসা ক্রীড়াবিদরা রীতি মেনে প্যারেডেও অংশ নিলেন। প্রতি দলের সামনে থাকলেন একজন চীনা তরুণী। দেশের নাম লেখা যে প্ল্যাকার্ড তিনি বহন করছিলেন, সেটাও বানানো হয়েছে তুষারকণার প্রতীকী রূপে।
অ্যাথলেটদের উদ্দেশে বাখ বলেন, “যদি আমরা সবাই একই নিয়ম মানি, একে অপরকে সম্মান করি, তাহলে আপনি দেখাবেন পৃথিবী দেখতে কেমন হবে।
“সর্বোচ্চ পুরষ্কারের জন্য আগামী দুই সপ্তাহ একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করবেন। একইসঙ্গে অলিম্পিক ভিলেজে এক ছাদের নিচে একসঙ্গে শান্তিতে বসবাস করবেন। সেখানে কোনো বৈষম্য থাকবে না।”
২০১৫ সালে অলিম্পিক কমিটি যখন ২০২২ সালের শীতকালীন আসরের জন চীনকে বেছে নিল, বিতর্ক শুরু হয়েছিল তখনই।
উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবারই বেইজিংয়ে পৌঁছান রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। প্রেসিডেন্ট শির সঙ্গে বৈঠক করে চীনে গ্যাস সরবরাহ বাড়াতে একটি চুক্তিও করেছেন তিনি।
ইউক্রেইন সীমান্তে রাশিয়ার সেনা সমাবেশ নিয়ে পশ্চিমের সঙ্গে পুতিনের যে টানাপড়েন আর উত্তেজনা চলছে, তার মধ্যেই বন্ধু দেশ চীনে তিনি এসেছেন অলিম্পিকসের উদ্বোধন দেখতে।
চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম বলেছে, প্রেসিডেন্ট শির মত প্রেসিডেন্ট পুতিনও ক্রীড়া আসর নিয়ে ‘পশ্চিমাদের রাজনীতির’ সমালোচনা করেছেন।
তবে শেষ পর্যন্ত এবারের আসর শুরু হয়ে যাওয়ায় কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন আয়োজকরা, কারণ মহামারীর বাস্তবতা আর চীনের জিরো-কোভিড নীতি তাদের সব কাজই কঠিন করে দিয়েছিল।
