সাবেক বার্সা সভাপতির বিরুদ্ধে ‘অর্থের অপব্যবহারের’ অভিযোগ
বার্সেলোনার সাবেক সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ ও তার বোর্ডের বিরুদ্ধে ক্লাবের অর্থের অপব্যবহার ও নানা অনিয়মের অভিযোগ করেছেন বর্তমান সভাপতি হুয়ান লাপোর্তা। ক্লাব নিযুক্ত নিরপেক্ষ তদন্তকারী দলের নিরীক্ষাতেও আর্থিক অনিয়মের বিষয়টি উঠে এসেছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন তিনি।
১১ মাস আগে লাপোর্তা বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর একটি আর্থিক নিরীক্ষা শুরু করেন। আগের বোর্ডের সম্ভাব্য অনিয়ম খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্তকারী দল নিয়োগ করেন তিনি। তদন্তে অনিয়মের বিষয়টি উঠে এসেছে বলে মঙ্গলবার জানান লাপোর্তা। এ সময় তার পাশে ছিলেন অ্যাটর্নি হাওমে কাম্পানের ও বার্সেলোনার ফিন্যান্সিয়াল ভাইস-প্রেসিডেন্ট এদুয়ার্দ রোমেও।
“আমাদের নিরীক্ষা দল এমন কিছু লেনদেন খুঁজে পেয়েছে যা থেকে আমরা বুঝতে পেরেছি ক্লাবের ফান্ডের অপব্যবহার করা হয়েছে। এই নিরীক্ষায় (আগের) কর্তৃপক্ষের অবৈধ কার্যকলাপের বিষয়টি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।”
এই অভিযোগের বিষয়ে বার্তোমেউয়ের আইনজীবির সঙ্গে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি। অবশ্য আগে থেকেই কোনোরকম অন্যায় বা অব্যবস্থাপনার কথা অস্বীকার করে আসছেন বার্তোমেউ। গত অক্টোবরে স্পেনের ক্রীড়া সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারেও সবরকম অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি।
বার্তোমেউ ও তার বোর্ডের আর্থিক লেনদেনের অনিয়মের বিষয়টি সংবাদ সম্মেলনে তুলে ধরেন অ্যাটর্নি কাম্পানেরও।
“অনেকগুলো অত্যন্ত গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত হয়েছে, যেটাকে আমরা খুবই খারাপ হিসেবে বর্ণনা করতে পারি।”
গত বুধবার স্থানীয় প্রসিকিউটরদের কাছে বার্তোমেউ ও তার বোর্ডের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ দায়ের করার কথা জানান লাপোর্তা। ক্লাবের তহবিলের অনুপযুক্ত ব্যবস্থাপনা, অর্থের অপব্যবহার এবং নথি জালিয়াতির অপরাধের তদন্ত চলছে বলেও জানিয়েছিলেন তিনি।
“আমরা বিচারক বা পুলিশ নই। আইন-আদালত সিদ্ধান্ত নিবে কে দোষী কিংবা দোষী নয়। কিন্তু আমাদের তদন্তে দেখা গেছে, আগের বোর্ড ন্যায্যতা বা বিবেচনা ছাড়াই অর্থপ্রদান করেছে, ভুয়া কারণে অর্থ ব্যয় করেছে এবং অসামঞ্জস্যপূর্ণভাবে অর্থ প্রদান করেছে।”
অনুপযুক্ত ব্যবস্থাপনা ও ব্যবসায়িক দুর্নীতির অভিযোগে গত মার্চে বার্তোমেউকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তল্লাশি চালানো হয়েছিল কাম্প নউয়ে ক্লাবের অফিসে। ওইসময় পুলিশ বার্সেলোনার কাম্প নউ অফিসেও অভিযান চালিয়েছিল।
ক্লাব সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অনলাইনে ভাবমূর্তি নষ্ট করতে বার্সেলোনা ‘আইথ্রি’ নামের একটি প্রতিষ্ঠান ভাড়া করেছিল বলে গত বছরের ফেব্রুয়ারিতে খবর বেরিয়েছিল। যা পরবর্তীতে ‘বার্সাগেট’ নামে পরিচিতি পায়। এ বিষয়ে অভিযোগের আঙুল ছিল বার্তোমেউয়ের দিকে। যদিও তা অস্বীকার করেছিলেন তিনি। তার গ্রেপ্তার হওয়া সেই ঘটনার সঙ্গে যুক্ত বলে তখন স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছিল।
গ্রেপ্তার হওয়ার পরদিনই অবশ্য জামিনে মুক্তি পান বার্তোমেউ। তখন বার্সেলোনাভিত্তিক সংবাদমাধ্যম স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে নিজের পক্ষেই সাফাই গেয়েছিলেন তিনি। তুলে ধরেছিলেন বার্সেলোনার আয় কমে যাওয়ার কারণ।
“আমাদের ব্যবস্থাপনা খুব বাজে ছিল না এবং লা লিগা, উয়েফা ও নিরীক্ষকরা সেটিই বলে। আমাদের মুনাফা ছিল ১৮ কোটি (ইউরো) এবং ফোর্বস আমাদের বিশ্বের সবচেয়ে দামি ক্লাব হিসেবে মূল্যায়ন করেছিল। এমন আন্তরিক ও যথাযথ একটি ম্যানেজমেন্ট বাধাগ্রস্ত হয়েছিল কোভিড মহামারীর কারণে, যেখানে আমাদের ৫০ কোটি ইউরো আয় কমে গিয়েছিল।”
তবে এদিন অ্যাটর্নি কাম্পানের সংবাদ সম্মেলনে জানান বার্সেলোনার আর্থিক ক্ষতির পরিমাণ আরও বেশি। সাম্প্রতিক কয়েক মৌসুমে দলটি ৬০ কোটিরও বেশি ইউরো হারিয়েছে আর করোনাভাইরাস মহামারীর কারণে ক্লাবটির ক্ষতির পরিমাণ মাত্র সাড়ে ১৩ কোটি ইউরো। সব মিলিয়ে ক্লাবের ঋণ ছিল প্রায় ১৩০ কোটি ইউরো।
