২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পোর্টস মেডিসিন অ্যাসোসিয়েশনের দায়িত্বে শারফুদ্দিন-ইমরান

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস মেডিসিন (বিএএসএম) এর কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। অ্যাথলেটদের নানা ইনজুরি নিয়ে আগামীতে বিশেষভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন পুনর্গঠিত কমিটির মহাসচিবের দায়িত্ব পাওয়া ডা. মো. আলী ইমরান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2022, 08:33 PM

Updated : 02 Aug 2022, 02:48 PM

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ নতুন এডহক কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন। মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আলী ইমরানকে।

আলী ইমরান ১৯৯৮ সাল থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে কাজ করছেন। ২০০৩ সালে বাফুফের মেডিকেল টিম আনুষ্ঠানিকভাবে পথচলা শুরুর পর থেকে এই টিমের দায়িত্বে আছেন তিনি।

অ্যাথলেটদের নানা ইনজুরি সমস্যা নিয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস মেডিসিনের (বিএএসএম) অনেক কিছু করণীয় আছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন আলী ইমরান।

“আমাদের অনেকগুলো ক্রীড়া ফেডারেশন এবং ৬০ হাজারেরও বেশি নিবন্ধিত অ্যাথলেট আছে। আমাদের দেশে অনেক ক্ষেত্রেই বিশেষায়িত প্রতিষ্ঠান আছে। যেমন, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে খেলাধুলা শেখানো হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস মেডিসিন (বিএএসএম) তেমনই একটা বিশেষায়িত সংগঠন হতে পারে, যারা স্পোর্টস ইনজুরি নিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করবে।”

“ক্রীড়াঙ্গণে আমাদের সংগঠনের অনেক ভূমিকা রাখার সুযোগ ছিল, কিন্তু অনেক সীমাবদ্ধতার কারণে আমরা সেটা রাখতে পারিনি। এবারের কমিটিতে চেষ্টা করা হয়েছে মাঠের মানুষ কিংবা ক্রীড়াঙ্গনের সঙ্গে সংশ্লিষ্ট থাকা মানুষগুলোকে রাখার। আশা করি, স্পোর্টস ইনজুরির নানা বিষয়ে অনেক অবদান রাখতে পারবে আমাদের কমিটি।”