২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: বার্সেলোনার আক্রান্তের সংখ্যা ১০, এসেই পজিটিভ ফেররান

বার্সেলোনায় যোগ দেওয়ার সপ্তাহখানেকের মধ্যেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মাঠের বাইরে চলে গেলেন ফেররান তরেস। তার সঙ্গে পেদ্রিও কোভিড-১৯ পজিটিভ হওয়ায় বার্সেলোনার দুর্ভাবনা বাড়ল কয়েক গুণ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2022, 03:01 PM

Updated : 02 Aug 2022, 02:28 PM

বেশ কিছুদিন ধরে চলমান গুঞ্জন সত্যি করে গত ২৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বার্সেলোনায় নাম লেখান তরেস। এরপর সোমবার কাম্প নউয়ে তাকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেয় কাতালান ক্লাবটি। সেখানে দলকে তার চেনা জায়গায় ফেরাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রতিশ্রুতিও দেন তরুণ এই স্প্যানিয়ার্ড।

পরে ওই রাতেই ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে তার ও পেদ্রির কোভিড পজিটিভ হওয়ার কথা জানায় বার্সেলোনা।

“মূল দলের খেলোয়াড় পেদ্রি ও ফেররান তরেস কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। তবে তারা শারীরিকভাবে ভালো আছে এবং নিজেদের বাড়িতে সেলফ-আইসোলেশনে আছেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছে বার্সেলোনা।”

গত রোববার লা লিগায় মায়োর্কার বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে মূল দলের ১৪ জন খেলোয়াড়কে পায়নি বার্সেলোনা। তার মধ্যে আট জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায়। এরা হলেন-সের্জিনো দেস্ত, ফিলপে কৌতিনিয়ো, জর্দি আব্দেসামাদ, জর্দি আলবা, আলেক্স বাল্দে, উসমান দেম্বেলে, গাভি ও দানি আলভেস।

সংখ্যাটা এখন হলো ১০। মাঝে এই সপ্তাহেই সামুয়েল উমতিতি ও ক্লেমোঁ লংলে পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন। তবে রোববার সকালে আসা নতুন পরীক্ষায় রিপোর্টের তারা নেগেটিভ হয়েছেন।

“গত সপ্তাহে লা লিগার খেলোয়াড় ও কোচ মিলে ৯০ জন আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিল টুর্নামেন্ট কর্তৃপক্ষ। স্পেনের সার্বিক করোনাভাইরাস পরিস্থিতিও আবারও বেশ নাজুক হয়ে পড়েছে। গত বৃস্পতিবার থেকে এ পর্যন্ত দেশটির তিন লাখ ৭২ হাজার জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।”

বার্সেলোনা তাদের পরবর্তী ম্যাচ খেলবে বুধবার, কোপা দেল রেতে। শেষ বত্রিশে তাদের প্রতিপক্ষ তৃতীয় সারির ক্লাব লিনারেস। এরপর আগামী শনিবার লা লিগায় গ্রানাদার মুখোমুখি হবে শাভি এরনান্দেসের দল।