২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাবাডিতে মৌলভীবাজার ও ঝিনাইদহ সেরা

জাতীয় যুব কাবাডির মুকুট ধরে রেখেছে মৌলভীবাজার। মেয়েদের বিভাগে মধুর প্রতিশোধ নিয়ে সেরা হয়েছে ঝিনাইদহ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2022, 09:06 PM

Updated : 25 Oct 2022, 10:07 AM

পল্টনে রোববার আইজিপি কাপ জাতীয় যুব কাবাডির যুব বিভাগের ফাইনালে ২৯-১৫ পয়েন্টে চট্টগ্রাম জেলা দলকে হারায় মৌলভীবাজার। ১০-৭ পয়েন্টে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে তারা, একই সঙ্গে ধরে রাখে ২০১৮ সালে জেতা মুকুট।

একই ভেন্যুতে মেয়েদের শিরোপা নির্ধারণী লড়াইয়ে নড়াইল জেলাকে ২৫-১৯ পয়েন্টে হারায় ঝিনাইদহ। প্রথমার্ধে ১৪-১২ পয়েন্টে এগিয়ে ছিল ঝিনাইদহ।

চূড়ান্ত পর্বে নিজেদের প্রথম ম্যাচে ঝিনাইদহকে ৫৭-২০ পয়েন্টে হারিয়েছিল নড়াইল। ফাইনালে সে হারের প্রতিশোধ নিল ঝিনাইদহের মেয়েরা।

ছেলেদের বিভাগে প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছেন চট্টগ্রামের ওজুয়ান মারমা। মেয়েদের বিভাগে ঝিনাইদহের আঞ্জুমান আরা রাত্রি হয়েছেন সেরা খেলোয়াড়।

Image
মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন ঝিনাইদহ

মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন ঝিনাইদহ

সেরা রাইডার হয়েছেন মৌলভীবাজারের মো. যুবায়ের ও নড়াইলের ছন্দা। সেরা ডিফেন্ডারের মুকুট জিতেছেন মৌলভীবাজারের তাজউদ্দিন ও ঝিনাইদহের সুমাইয়া।

সমাপণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এছাড়া উপস্থিত ছিলেন তারকা ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা।