জানুয়ারিতে পিএসজি ছাড়ছি না: এমবাপে
গুঞ্জন ছিল, আসছে জানুয়ারির দলবদলে পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন কিলিয়ান এমবাপে। সেই গুঞ্জন উড়িয়ে দিলেন ফরাসি তারকা নিজেই। জানালেন, সে সময় তার ক্লাব ছাড়ার কোনো সম্ভাবনা নেই।
গত অগাস্টে শেষ হওয়া দলবদলের শেষ দিন পর্যন্ত রিয়াল চেষ্টা করেছিল এমবাপেকে দলে ভেড়াতে। পিএসজির সঙ্গে চুক্তির মাত্র এক বছর বাকি থাকা এই তারকাকে পেতে স্পেনের ক্লাবটি রেকর্ড ট্রান্সফার ফি দিতেও প্রস্তুত ছিল। কিন্তু কোনোভাবেই সময়ের সেরা খেলোয়াড়দের একজন, এমবাপকে ছেড়ে দিতে রাজি হয়নি পিএসজি।
স্পেন ও ফ্রান্সের কয়েকটি সংবাদমাধ্যমে বলা হয়েছিল, ২২ বছর বয়সী এই ফুটবলারকে পেতে প্রথম দফায় ১৬ কোটি এবং পরে ১৮ কোটি ইউরোর প্রস্তাব দেয় রিয়াল। কিন্তু কোনোটিই পছন্দ হয়নি পিএসজির। দলবদলের শেষ দিনে ২০ কোটি ইউরো দিতেও নাকি রাজি ছিল ইউরোপের সফলতম দলটি। কিন্তু তাতেও সাড়া দেয়নি ফরাসি ক্লাবটি।
আগামী জুনে পিএসজির সঙ্গে এমবাপের চুক্তি শেষ হবে। তার আগে আগামী ১ জানুয়ারি থেকেই নতুন ঠিকানা বেছে নিতে পারবেন ২২ বছর বয়সী এই ফুটবলার।
মঙ্গলবার সিএনএননের সঙ্গে আলাপচারিতায় এমবাপে নিশ্চিত করেছেন, শীতকালীন দলবদলে প্যারিস ছাড়ছেন না তিনি। মৌসুমের বাকি অংশে তিনি দলের হয়ে জিততে চান সম্ভাব্য সব শিরোপা।
“আমি জানুয়ারিতে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছি না। জানুয়ারিতে এটি হচ্ছে না। আমি পিএসজিতে আছি, আমি সত্যিই খুশি এবং আমি পিএসজি খেলোয়াড় হিসাবে মৌসুমটি শেষ করার ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত।। আমি এই মৌসুমে প্যারিসের হয়ে সব শিরোপা জিততে নিজেকে উজাড় করে দেব।”
“চ্যাম্পিয়ন্স লিগ, লিগ ওয়ান ও কাপ জিততে নিজের সেরাটা ঢেলে দেব। ভক্তদের সব আনন্দ উপহার দেওয়ার চেষ্টা করব, কারণ তারা এটার প্রাপ্য। আমি (পিএসজিতে) থাকতে পেরে খুশি। এটা আমার শহরও। আমি ফরাসি। আমি এই মৌসুমে সবকিছু জিততে চাই।”
নেইমার-কিলিয়ান এমবাপে-আনহেল দি মারিয়াদের উপস্থিতিতে আগে থেকেই দারুণ শক্তিশালী ছিল পিএসজি দলটি। গ্রীষ্মের দলবদলে লিওনেল মেসির সঙ্গে সের্হিও রামোস, জানলুইজি দোন্নারুম্মা, আশরাফ হাকিমিদের ভিড়িয়ে শক্তি আরও বাড়িয়ে নিয়েছে প্যারিসের ক্লাবটি। লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগের অধরা শিরোপা জয়।
সাম্প্রতিক বছরগুলোতে ২০১৯-২০ মৌসুমে ইউরোপ সেরার মঞ্চে শিরোপার সবচেয়ে কাছাকাছি গিয়েছিল পিএসজি। সেবার ফাইনালে তাদের হারিয়ে শেষ হাসি হাসে বায়ার্ন মিউনিখ। গত মৌসুমে নেইমার-এমবাপেরা বিদায় নেন শেষ চার থেকে।
কোয়ার্টার-ফাইনালে যাওয়ার লড়াইয়ে আগামী ফেব্রুয়ারী ও মার্চে পিএসজির প্রতিপক্ষ ইউরোপের সফলতম দল রিয়াল মাদ্রিদ। প্রতিযোগিতার ১৩ বারের চ্যাম্পিয়নদের আসর থেকে বিদায় করেই লক্ষ্যের দিকে এগিয়ে যেতে চান ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপ জেতা এমবাপে।
“(আমার একমাত্র লক্ষ্য) ফেব্রুয়ারি ও মার্চে রিয়াল মাদ্রিদকে হারানো। আমাদের প্রস্তুত থাকতে হবে। সময় এসেছে।”
“এটি মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। অবশ্যই, আমরা এখন ধাপে ধাপে এগিয়ে যেতে চাই। দুই বছর হয়ে গেছে (আমরা) ফাইনাল বা সেমিফাইনালে খেলেছিলাম, কিন্তু এখন আমরা (শিরোপা) জিততে চাই।”
