২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষে ফাইনাল কঠিন হবে: ভারত কোচ

অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের নিয়ে হওয়া গত আসরে নেপালের কাছে সেমি-ফাইনালে হেরে ছিটকে গিয়েছিল ভারত। এবার অনূর্ধ্ব-১৯ বছর বয়সীদের নিয়ে হওয়া আসরে  নেপালকে হারিয়ে ফাইনালে উঠে এসেছে তারা। কিন্তু শিরোপা নির্ধারণী ম‍্যাচে প্রতিপক্ষ বাংলাদেশ বলেই লক্ষ্যপূরণের পথটা মোটেও সহজ মনে হচ্ছে না ভারত কোচ অ্যালেক্স মারিও অ্যামব্রোসের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2021, 07:03 PM

Updated : 02 Aug 2022, 06:43 PM

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বুধবার সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে দুই দল। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের  নিয়ে হওয়া এই প্রতিযোগিতায় শিরোপা জিতেছিল বাংলাদেশ।

ফাইনালে উঠে আসার পথে ভারত একমাত্র ম্যাচ হেরেছিল বাংলাদেশের কাছেই। ফাইনালে ফের স্বাগতিকদের বিপক্ষে লড়তে হবে তাদের। অ্যামব্রোসের প্রত্যাশা ভালো একটা ফাইনালের।

“সব ফাইনালই কঠিন। মোটেও সহজ নয়। স্বাগতিকদের বিপক্ষে তো আরও কঠিন, বিশেষ করে দর্শকদের সব সমর্থন তাদের দিকেই থাকবে। দর্শকদের সমর্থন অবশ্যই পার্থক্য গড়ে দেয়। তবে আমার মনে হয়, এটা আবার একইসঙ্গে খেলোয়াড়কে নিজেদের সর্বোচ্চটা দিতে উৎসাহিত করে, খেলোয়াড়ের সত‍্যিকারের দৃঢ়তা প্রকাশ পায়।”

“আমরা আমাদের সুযোগ নষ্ট করেছি (রাউন্ড রবিন লিগে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে)। ৯০ মিনিট খেলে ভালো ফলাফল করার ভালো সুযোগও ছিল। আমরা গোলমুখে খেলতে পছন্দ করি। নিশ্চয় বসে থেকে থেকে এমন কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করব না, যা আমাদের হাতে নেই। এর চেয়ে ম্যাচের দিকে নজর দিয়ে দলের জন্য যা ভালো, সেটাই করা উচিৎ।”

মারিয়া-মনিকাদের বিপক্ষে সুমিতা-প্রিয়াঙ্কাদের নির্ভার হয়ে খেলার বার্তাও দিলেন অ্যামব্রোস। ভারত কোচের চাওয়া এতদিনের শিক্ষা মাঠে প্রয়োগ করে দেখাক তার শিষ্যরা।

“এটা মোটেও চাপের বিষয় নয়। মূল বিষয় হলো মাঠে খেলা, মুহূর্তটাকে উপভোগ করা। ফাইনালে খেলতে পারা বিশাল এক ব্যাপার। দুই দলের মেয়েরাই তাদের দেশের প্রতিনিধিত্ব করবে। পরিকল্পনাটা হলো আমরা এতদিন যা শিখেছি সেটা মাঠে দেওয়া আর সেরা ফলটা বের করে আনা।”

“অনূর্ধ্ব-১৫ দল থেকে আমাদের ১১ ফুটবলার আছে। তারা যেকোনো প্রতিপক্ষের কাছ থেকেই শিখছে। বাংলাদেশ দলে জাতীয় দলের ১৫ ফুটবলার আছে, এটা কোনো অজুহাতই নয়। তবে এটা ভালো যে, বাংলাদেশের মতো শক্তিশালী দলের বিপক্ষে তারা খেলতে পারছে এবং বাংলাদেশ আসলেই ভালো একটা দল। আমি বা  আমার দল অতীত নিয়ে মোটেও ভাবছি না। আমাদের সব খেয়াল আগামীকালকে ঘিরে। ফাইনাল শুধুই একটা ম্যাচ। সেরা দলটাই ফাইনাল জিতবে।”

ভারত অধিনায়ক সুমতি কুমারি জানালেন শিরোপা নিয়ে ঘরে ফেরার লক্ষ্য।

“দল ফাইনালে খেলছে, ভীষণ ভালো লাগছে। ফাইনাল জেতার জন্য যেভাবে খেলা দরকার, আমরা সেভাবেই খেলব।”