২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলকে বিদায় বললেন প্রাণতোষ

স্বাধীনতা কাপের ফাইনালে খেলেননি তিনি, কিন্তু দলের সঙ্গে মাঠে নামলেন। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন। মাঠ থেকে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন আবাহনীর জার্সিতে সোনালী সময় কাটানো মিডফিল্ডার প্রাণতোষ কুমার দাস।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2021, 09:16 PM

Updated : 08 Apr 2022, 12:01 AM

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শনিবার আবাহনী ও বসুন্ধরা কিংসের মধ্যেকার স্বাধীনতা কাপের ফাইনালের আগে মাঠ থেকে বিদায় নেন প্রাণতোষ।

৩৯ বছর বয়সী প্রাণতোষের ফুটবলের আঙিনায় পথচলা শুরু ১৯৯৪ সালে বিমান কাপ অনূর্ধ্ব-১৪ ফুটবলে বাগেরহাট জেলার হয়ে।  ১৯৯৭ সাল থেকে আরামবাগ ক্রীড়া সংঘের হয়ে প্রিমিয়ার লিগে অভিষেক।

২০০২-২০০৪ সাল পর্যন্ত প্রাণতোষ খেলেন ঐতিহ্যবাহী আবাহনীর হয়ে। এরপর অন্য ক্লাব ঘুরে  ২০০৬ সালে আবারও ফিরেন আকাশী-নীলদের আঙিনায়। ২০২১ সাল পর্যন্ত আবাহনীই ছিল তার সব কিছু। দুই দফায় দলটির অধিনায়কত্বও করেন তিনি। আবাহনীর হয়ে ৬টি লিগ শিরোপা, চারটি ফেডারেশন কাপ জিতেন।

২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত জাতীয় দলের মাঝমাঠ সামলেছেন। লাল-সবুজের জার্সিতে অংশ নেন দুটি সাফ চ্যাম্পিয়নশিপেও।

বাগেরহাট থেকে উঠে আসা প্রাণতোষ ফুটবলের সঙ্গেই থাকছেন। ২০২০-২১ সালে এএফসি ‘সি’ লাইসেন্স করেছেন তিনি। ১৯৮২ সালে জন্ম নেওয়া প্রাণতোষ বর্তমানে আবাহনীর সঙ্গেই জড়িত আছেন।