২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলাদেশ আছে বাংলাদেশের জায়গাতেই’

২০১৮ সালের এশিয়ান গেমসের পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে বাংলাদেশের অভিজ্ঞতা মোটেও ভালো হয়নি। ভারতের বিপক্ষে বড় হারের পর বাংলাদেশ অধিনায়ক আশরাফুল ইসলামের উপলব্ধি-বাংলাদেশ আছে আগের জায়গাতেই। ভারত এগিয়েছে অনেক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2021, 08:30 PM

Updated : 02 Aug 2022, 06:42 PM

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে বুধবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ভারতের কাছে ৯-০ গোলে হারে বাংলাদেশ। ২০১৭ সালের এশিয়া কাপে আগের দেখায় তাদের কাছে ৭-০ গোলে হেরেছিল দল।

এশিয়ার র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দল ভারতের সঙ্গে নিজেদের ব্যবধানের কথা ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে ঘুরেফিরে বলেছিলেন আশরাফুল। ম্যাচ খেলার পর মূল্যায়ন করলেন ৪০ মাস পর খেলা প্রথম আন্তর্জাতিক ম্যাচের পারফরম্যান্সের।

“আপনাদের বুঝতে হবে, এই টুর্নামেন্টে প্রস্তুতির জন্য আমরা খুবই অল্প সময় পেয়েছি। এর মধ্যে কোচ আমাদের যা শিখিয়েছেন, আমরা চেষ্টা করেছি (সে অনুযায়ী খেলার)। ভারত খুবই ভালো এবং গোছাল দল। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ওরা তিন নম্বর। তুলনা যদি করি, খেলা ঠিকাছে, আমরা কয়েকটা ভুল করেছি। দুই-তিনটা গোল আমরা নিজেদের দোষে খেয়েছি।”

“নার্ভাস বলতে…আমরা ৪০ মাস পর আন্তর্জাতিক হকি খেলছি। আর এই সময়ে ওদের অনেকে ৫০ থেকে ৭০টা ম্যাচ খেলেছে। আমার মনে হয় এখানেই পার্থক্য হয়ে গেছে। আমার মনে হয় বাংলাদেশ বাংলাদেশের জায়গায় আছে; ভারত অনেক এগিয়েছে। আমার মনে হয় শুরুর দুই কোয়ার্টার আমরা নিজেদের খেলা খেলতে পেরেছি। এরপর যত সময় গড়িয়েছে, আমার মনে হয় আমাদের খেলা…(খারাপ হয়েছে)।”

ভারতের বিপক্ষে ২-২ ড্র করা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আগামী শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। আশরাফুলও তাকিয়ে সেদিকে।

“দক্ষিণ কোরিয়া ম্যাচের পরিকল্পনা এখনই বলতে পারছি না। ওদের ভিডিও ক্লিপ আমাদের কাছে আছে। ওটা দেখে আমরা ঠিক করব কিভাবে খেলব।”