সামর্থ্যের সেরাটা দেওয়ার লক্ষ্য জিমি-আশরাফুলদের
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে লম্বা বিরতির পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ হকি দল। ২০১৮ সালের এশিয়ান গেমসের পর মাঠে ফিরে তারা পাচ্ছে কঠিন সব প্রতিপক্ষ। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে বাংলাদেশের পাঁচ প্রতিপক্ষ এশিয়ার সেরা পাঁচ দল। অধিনায়ক আশরাফুল ইসলামও মানছেন প্রতিপক্ষের সঙ্গে নিজেদের ব্যবধান। মাঠের লড়াইয়ে সামর্থ্যের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতিও প্রত্যয়ী কণ্ঠে দিয়েছেন তিনি।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মঙ্গলবার দক্ষিণ কোরিয়া ও ভারতের ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি। এশিয়ার র্যাঙ্কিংয়ে নবম স্থানে থাকলেও আয়োজক হিসাবে এ আসরে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ।
এ টুর্নামেন্ট সামনে রেখে এরই মধ্যে জাপান ও পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জাপানের কাছে ৪-১ গোলে হারের পর পাকিস্তানের কাছে ৩-১ ব্যবধানে হারে দল। তবে এই অভিজ্ঞতা মাঠের লড়াইয়ে কাজে লাগবে বলে সোমবারের সংবাদ সম্মেলনে জানালেন অধিনায়ক আশরাফুল।
“প্রতিপক্ষ দলগুলোর খেলার ধরন, কৌশল আমরা দেখছি। কোচ ও কোচিং স্টাফরা প্রতিপক্ষ দলগুলোর খেলার ধরন ও কৌশল বিশ্লেষণ করছেন। ম্যাচ বাই ম্যাচ হিসেব করে আমরা খেলতে চাই। প্রতিযোগিতা শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছি। এ ম্যাচগুলোতে দল নিয়ে পরীক্ষা চালিয়েছেন কোচ। আমাদের ভালো খেলার পথে ম্যাচ দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।”
“এটা অনেক বড় একটা প্রতিযোগিতা। আমরা সামর্থ্যর সেরাটা দেয়ার লক্ষ্য নিয়ে খেলব। এশিয়ার সেরা দলগুলো এসেছে। তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ভারত অলিম্পিকের পদক জয়ী। অন্যদলগুলোও শক্তির বিচারে আমাদের চেয়ে অনেক এগিয়ে। আমরা কোচের নির্দেশনা মাফিক খেলতে পারলে দল ভালো নৈপুণ্য দেখাবে বলে আমি বিশ্বাস করি।”
দলে করোনভাইরাস থাবা বসানোর শেষ মুহূর্তে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে দাঁড়িয়েছে মালয়েশিয়া। নতুন সূচিতে আগামী ১৫ ডিসেম্বর ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর যথাক্রমে ১৭ ডিসেম্বর দক্ষিণ কোরিয়া, ১৮ ডিসেম্বর জাপান ও ১৯ ডিসেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আশরাফুলও জানালেন ‘ম্যাচ বাই ম্যাচ’ ভাবার কথা।
“বিগত দুই বছর আমরা কোন আন্তর্জাতিক ম্যাচ খেলিনি। পাকিস্তানও অনেকদিন আন্তর্জাতিক ম্যাচ খেলছে না। সকলের বিপক্ষেই আমরা ভালো খেলতে চাই। পাকিস্তানের বিপক্ষে ভালো করার দিকে ফোকাস বেশি থাকবে আমোদের।”
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ট্রফি ঘিরে পাঁচ অধিনায়ক। ছবি: বাহফে
