২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের বিপক্ষে এগিয়ে গিয়ে হারল জিমিরা

পাকিস্তানের বিপক্ষে রকিবুল ইসলামের ফিল্ড গোলে এগিয়ে গেল বাংলাদেশ। কিন্তু পরে আর ছন্দ ধরে রাখতে পারেনি জিমি-খোরশেদরা। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি সামনে রেখে খেলা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও হেরেছে গোবিনাথান ইমানের দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2021, 08:19 PM

Updated : 07 Apr 2022, 11:59 PM

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে রোববার পাকিস্তানের কাছে ৩-১ গোলে হারে বাংলাদেশ। প্রথম প্রস্তুতি ম্যাচে গত শুক্রবার জাপানের কাছে ৪-১ ব্যবধানে হেরেছিল দল।

রকিবুলের গোলে পিছিয়ে পড়ার পর পেনাল্টি কর্নার (পিসি) থেকে পাকিস্তানকে সমতায় ফেরান আবু বকর। এরপর পিসি থেকেই পাকিস্তানকে এগিয়ে নেন রানা ওয়াহিদ। বাংলাদেশের জালে তৃতীয় গোলটি করেন মুবাশির আলি।

আগের সূচি অনুযায়ী মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আগামী ১৪ ডিসেম্বর উদ্বোধনী দিনে এশিয়ার র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা মালয়েশিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু দলের এক খেলোয়াড় কোভিড-১৯ পজিটিভ হওয়ায় প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছে মালয়েশিয়া।

দলে করোনাভাইরাস থাবা বসানোয় শেষ মুহূর্তে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে দাঁড়িয়েছে মালয়েশিয়া। নতুন সূচিতে আগামী ১৫ ডিসেম্বর ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর যথাক্রমে ১৭ ডিসেম্বর দক্ষিণ কোরিয়া, ১৮ ডিসেম্বর জাপান ও ১৯ ডিসেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

মালয়েশিয়া সরে দাঁড়ানোয় এশিয়ান হকির র‌্যাঙ্কিংয়ে শীর্ষ চার দল যথাক্রমে ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান ও পাকিস্তানের বিপক্ষে খেলবে এ আসরে স্বাগতিক হিসেবে খেলার সুযোগ পেয়েছে র‌্যাঙ্কিংয়ে ৯ম স্থানে থাকা বাংলাদেশ।