২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দলে নেই অসীম-নিলয়

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি সামনে রেখে ২০ জনের চূড়ান্ত দল দিয়েছেন জাতীয় হকি দলের কোচ গোবিনাথান ইমান। দলে একেবারেই নতুন মুখ মোহামেডানের মিডফিল্ডার প্রিন্স লাল সামন্ত।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2021, 09:46 PM

Updated : 02 Aug 2022, 06:41 PM

চূড়ান্ত দলে জায়গা হয়নি অসীম গোপ, খালেদ মাহমুদ রাকিন, হাসান যুবায়ের নিলয়, মিলন হোসেন, মইনুল ইসলাম কৌশিক, মাহবুব হোসেন, ও রাজীব দাসের মতো চেনা মুখের।

জাপানের কাছে শুক্রবার প্রথম প্রস্তুতি ম্যাচে ৪-১ গোলে হারের পর চূড়ান্ত দল দেয় হকি ফেডারেশন। ২৮ জনের প্রাথমিক দল দেওয়ার পর কোচের অনুরোধে আল নাহিয়ান শুভ, রাজু আহমেদ তপু, আবেদ উদ্দিন ও রাকিবুল হাসান জুনিয়র (রকিকে) ডেকেছিল ফেডারেশন। চূড়ান্ত দলে এই চার জনের মধ্যে রাকিবুল হাসান জুনিয়র টিকে গেছেন।

বিপ্লব কুজুর, মেহেদী হাসান, মনোজ বাবু, শফিউল আলম শিশির, সারোয়ার মোর্শেদ শাওন, খালেদ মাহমুদ রাকিন, রকিবুল হাসান ও রাজীব দাস-এই আট জন জাতীয় দলে এর আগে ডাক পেলেও খেলার সুযোগ পাননি। এদের মধ্যে এবার চূড়ান্ত দলে ঠাঁই হয়নি রাজীব দাস, খালেদ মাহমুদ রাকিন ও মনোজ বাবুর।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আগামী ১৪ ডিসেম্বর এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়ে শেষ হবে ২২ ডিসেম্বরে। এশিয়ান হকির র‌্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচ দল যথাক্রমে ভারত, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান ও পাকিস্তানের বিপক্ষে খেলবে র‌্যাঙ্কিংয়ে ৯ম স্থানে থাকা বাংলাদেশ।

বাংলাদেশ দল: বিপ্লব কুজুর, আবু সাইদ নিপ্পন, রেজাউল করিম বাবু, আশরাফুল ইসলাম, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ সিটুল, মোহাম্মদ মেহেদী হাসান, শফিউল আলম শিশির, সারোয়ার মোর্শেদ শাওন, রোমান সরকার, সোহানুর রহমান সবুজ, সারোয়ার হোসেন, ফজলে হোসেন রাব্বী, প্রিন্স লাল সামন্ত, নাঈম উদ্দিন, রাসেল মাহমুদ জিমি, পুস্কর ক্ষীসা মিমো, মোহাম্মদ আরশাদ হোসেন, দ্বীন ইসলাম ইমন ও রকিবুল হাসান রকি।